কৃষকদের ঐক্যবদ্ধ করার ওপর জোর দিলেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘কৃষকেরা ঐক্যবদ্ধ হলেই আমরা শক্তিশালী হব।’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।
কৃষক লীগের নেতা-কর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনাদের মূল দায়িত্ব কৃষকদের দাবি তুলে ধরা। গ্রামের বেশির ভাগ মানুষই কৃষক। সে জন্য তাঁদের কাছে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।’
জনপ্রশাসনমন্ত্রী আরও বলেন, ‘কৃষিবিদেরা যেমন কিংবদন্তি, কৃষকেরাও তেমনি কিংবদন্তি। সারা বাংলায় কৃষক লীগের সংগঠন গড়ে তুলতে হবে। কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাঁদের ঐক্যবদ্ধ রাখতে হবে। পাশাপাশি অন্যান্য সংগঠনকেও শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা শক্তিশালী হব।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আজ সঠিক তদন্ত হচ্ছে বলেই বিএনপির গা জ্বালা করছে।’ বিএনপির নেতা নজরুল ইসলাম খানের উদ্দেশে তিনি বলেন, ‘আজ যখন তদন্তের মাধ্যমে ওই হামলায় জড়িতদের মধ্যে উঠে এসেছে আপনার দলের লোকেদের নাম, তখন বলছেন সঠিক তদন্ত চাই।’ গত শুক্রবার এক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান দাবি করেছিলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন।
সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।