কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেনের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেনের (৭১) দাফন আজ শুক্রবার বেলা দুইটার দিকে বনানী কবরস্থানে সম্পন্ন হয়েছে। গত রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান।
চিকিৎসার জন্য মাহবুব হোসেন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি হন। আজ সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে তাঁর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। সেখানে জুমার নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাঁর মরদেহ মসজিদের চত্বরে রাখা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, পিকেএসএফের চেয়ারম্যান খলীকুজ্জমান, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ সাজ্জাদ জহির, পিকেএসএফের নির্বাহী পরিচালক আবদুল করিম, কৃষিসচিব শ্যামল কান্তি প্রমুখ সেখানে যান।
মাহবুব হোসেন বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেছেন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন মাহবুব হোসেন। সর্বশেষ তিনি ব্র্যাকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।