কৃষি-আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক কৃষি বাণিজ্য কোম্পানি মনস্যান্টোসহ সকল কৃষি বাণিজ্যিক প্রতিষ্ঠানের আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী দুটি সংগঠন।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে এক মানববন্ধনে এই প্রতিবাদ জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

বাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এজেন্ট অরেঞ্জ’ নামের এক বিষাক্ত রাসায়নিক বিক্রির মাধ্যমে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের হত্যার অভিযোগে মনস্যান্টো বিশ্বব্যাপী নিন্দিত। কোম্পানিটি দুনিয়ার তাবৎ বীজসম্পদ, প্রাণবৈচিত্র্য, কৃষি, খাদ্য ও পরিবেশব্যবস্থা দখলের চেষ্টায় মত্ত বলেও অভিযোগ আছে। এর বিরুদ্ধে আজ বিশ্বের বিভিন্ন দেশের শহরে শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে।

চারুকলার সামনে প্রতিবাদী মানববন্ধন শেষে টিএসসি পর্যন্ত একটি র‌্যালি হয়। মানববন্ধন ও র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি থেকে নিরাপদ খাদ্য ও বৈষম্যহীন সবুজ বাংলাদেশের প্রত্যাশা জানানো হয়। একই সঙ্গে জিএম খাদ্য ও রাসায়নিক কৃষির বিরুদ্ধে সকলকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, পবার সহসম্পাদক নজরুল ইসলাম, পরিবেশ গবেষক পাভেল পার্থ প্রমুখ।

বক্তাদের অভিযোগ, বাংলাদেশের চা বাগানগুলোতে মনস্যান্টো কোম্পানির ‘রাউন্ড আপ’ নামের এক বিপজ্জনক ‘আগাছানাশক’ ব্যবহৃত হয়। দেশের হাইব্রিড ভুট্টা বীজের বাজারও এই কোম্পানির দখলে। জিন প্রযুক্তিগত গবেষণার নামে ‘বিটি বেগুন’ প্রকল্পের ভেতর দিয়ে এই কোম্পানি বাংলাদেশের নয়টি স্থানীয় বেগুন জাতের মালিকানা দখল করে নিচ্ছে। তাই মনস্যান্টোসহ সকল বহুজাতিক আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশেই প্রথম জিন প্রযুক্তিতে পরিবর্তিত ‘বিটিবেগুন’ রাষ্ট্রীয় অনুমোদন পেয়েছে এবং তা চাষ হচ্ছে। বিটিতুলা, বিটি আলু, জিএম কলা—এ রকম ফসলগুলোও রাষ্ট্রীয় অনুমোদন পেয়েছে। জিএম শস্য ফসল ও খাদ্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ হচ্ছে। মনস্যান্টোসহ বহুজাতিক কোম্পানিগুলোই এই বিপজ্জনক জিএম শস্য ফসলের মূল নিয়ন্ত্রক।

মানববন্ধন থেকে বাংলাদেশকে জিএম শস্য ফসলমুক্ত করার দাবি জানানো হয়।