কৃষি উন্নয়নে গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ প্রয়োজন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, কৃষি উন্নয়নে গবেষণার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ প্রয়োজন। তিনি বলেন, ‘ডিগ্রিধারীদের নিজ বিষয়ে হালনাগাদ থেকে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে কৃষিকে এগিয়ে নিতে হবে’। আজ সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য এসব কথা বলেন।
উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব খেলার মাঠে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের নিজস্ব কৃষি ব্যবস্থা হাজার বছরের পর্যায়ক্রমিক উৎকর্ষ। এসব ফসলের জিনকে কাজে লাগিয়ে দেশীয় জাতের ফসলকে স্বকীয়তা প্রদানে চেষ্টা করা প্রয়োজন। কৃষি আজ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। পৃথিবীর সব দেশেই গবেষণার মাধ্যমে কৃষিকে নবতর স্তরে নিয়ে যাওয়ার প্রয়াস অব্যাহত রেখেছে।
সমাবর্তন অনুষ্ঠানে দেশের সার্বিক উন্নয়ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি ‘ডক্টর অব দ্য ইউনিভার্সিটি’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতি শিক্ষাবর্ষে প্রথম হওয়া ২২ জনকে স্বর্ণ-পদক ও স্নাতক দুই হাজার ১১০ জন, স্নাতকোত্তরে ৫১২ জন এবং তিনজনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম সাজে। একাডেমিক শাখার বিভিন্ন বিভাগ, হল ও প্রশাসনিক ভবন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কালো গাউন আর কালো টুপি পরে পুরো ক্যাম্পাস জুড়ে আনন্দ-উল্লাস করেন শিক্ষার্থীরা। দিনভর ছবি তোলা, বন্ধুদের নিয়ে আড্ডা, হইচই ও কোলাহলে মেতে থাকে সবাই।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ইমেরিটাস বিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজা বলেন, ‘উন্নত বিশ্ব যেখানে কৃষি অনুষদ আছে, সেখানেই রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। এটি থাকলে শিক্ষার্থীরা উন্নত গবেষণার সুযোগ পাবে। কৃষি দিন দিন নানা রকম বৈরী পরিবেশের সম্মুখীন হয়ে পড়ছে। দেশের প্রায় অর্ধেক পরিমাণ আবাদি জমি কোনো না কোনো বৈরী পরিবেশের শিকার। ফলে আজ কৃষি শিক্ষা ও গবেষণার ধরন ধারণেও পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, দেশে আজ প্রাথমিক বিদ্যালয়ের ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বৎসর ৩৮ কোটি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে, এটি একটি বিশ্ব রেকর্ড। দেশে শিক্ষার হার দ্রুত বাড়ছে। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৭টি এবং বেসরকারি ৮৩ টি, যাতে প্রায় ত্রিশ লাখ শিক্ষার্থী অধ্যয়ন ও গবেষণা করছে। এটিও এ এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যা, যে গুলির অধিকাংশই স্থাপিত হয়েছে এ সরকারের আমলে। আমরা মঞ্জুরি কমিশনের পক্ষ হতে নানাভাবে এগুলোর উন্নয়নে সহায়তা করছি। আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের যথাসম্ভব চেষ্টা করছি। ভবিষ্যতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শাদাত উল্লা। এ ছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন সহউপাচার্য মো. শহীদুর রশীদ ভূঁইয়া। এ সময় কোষাধ্যক্ষ মো. হজরত আলীসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য ও একাডেমিক পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।