কৃষি উপকরণ কার্ড দেওয়ার নামে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে কৃষি উপকরণ-সহায়তা কার্ড দেওয়ার কথা বলে কৃষকদের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ৪ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগের সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান কৃষি উপকরণ-সহায়তা কার্ড দেওয়ার কথা বলে উপজেলার পাঁচান, দবিরগঞ্জ ও কুমারকালজানী গ্রামের দুই শতাধিক কৃষকের কাছ থেকে ১০০ টাকা করে প্রায় ২০ হাজার টাকা নিয়েছেন। পরে কৃষকেরা ওই ইউপি সদস্যের কাছে কার্ড চাইলে তিনি তা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন।কৃষকদের মধ্যে কোবাদ হোসেন, আনিসুর রহমান, সাইদুর রহমান ও নাজিম উদ্দীন অভিযোগ করে বলেন, কার্ড পাওয়ার জন্য ওই ইউপি সদস্যকে তাঁরা ১০০ টাকা করে দিয়েছেন। এখন তিনি কার্ড দিতে পারছেন না।উল্লাপাড়ার ইউএনও অতুল কুমার সরকার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলম বলেন, ‘১৫ জন কৃষকের স্বাক্ষর করা একটি লিখিত অভিযোগ পেয়েছি। দু-এক দিনের মধ্যেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে কৃষি উপকরণ-সহায়তা কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। কিন্তু কার্ড বিতরণ কার্যক্রম শুরু করার আগেই এ ধরনের ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক।রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।ইউপি সদস্য মজিবর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।