কৃষি উপকরণ ব্যবসায়ীদের হালখাতার ধুম
মৌসুমের শুরুতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনেক কৃষক ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে সার, ডিজেল, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ কিনে আলুর চাষ করেন। শর্ত ছিল, ফসল ঘরে তোলার পর কৃষকেরা তাঁদের ধার শোধ করবেন। সম্প্রতি খেত থেকে আলু তোলার কাজ শেষ হয়েছে। এখন উপজেলার পাওনাদারেরা তাঁদের টাকা তোলার জন্য মেতেছেন হালখাতা উৎসবে।উপজেলার ১২টি ইউনিয়নের গ্রামগঞ্জে এখন চলছে হালখাতা উৎসব। পাওনাদারেরা তাদের দোকানঘরগুলো রঙিন কাগজ দিয়ে সাজাচ্ছেন। অনেকে দোকানে মাইক ভাড়া করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান বাজাচ্ছেন। সেচ ও লাঙল-মালিকেরা তাঁদের বাড়িতেই হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেছেন। হালখাতার অতিথিদের তাঁরা লুচি, বুন্দিয়া, মিষ্টি, বিরিয়ানি ও ভাত-গোশত দিয়ে আপ্যায়ন করছেন। উপজেলার ভাড়াহার গ্রামের ব্যবসায়ী শফিক উদ্দিন বলেন, মআমার সার ও কীটনাশকের ব্যবসা। আলু মৌসুমে এক লাখ ৬৫ হাজার টাকা বাকি পড়েছে। এ টাকা তোলার জন্য আমি গত শুক্রবার আট হাজার টাকা খরচ করে হালখাতার আয়োজন করেছিলাম।মদামগাড়া গ্রামের ইয়াছিন আলী জানান, বাকিতে তিনি এলাকার চাষিদের আলুখেতে সেচ দিয়েছেন। ওই টাকা তুলতে তিনি হালখাতা করবেন। তিনি জানান, হালখাতার মাধ্যমে বাকি টাকা ওঠানোর পাশাপাশি কৃষকদের সঙ্গে সখ্যতাও গড়ে ওঠে।বেলভুজা গ্রামের আনোয়ার হোসেন বলেন, কখন কোন দোকানে বা বাড়িতে হালখাতা তা অনেক সময় অতিথিদের মনে থাকে না। মাইক বাজালে মানুষজন বুঝতে পারেন তাঁকে সেদিন কোথায় যেতে হবে। কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, মএ উপজেলায় বিভিন্ন মৌসুমে কৃষকেরা বাকিতে কৃষি উপকরণ নিয়ে থাকেন। পরে ফসল ওঠার পর সে টাকা পরিশোধ করেন। আলু ঘরে ওঠার পর বর্তমানে উপজেলায় হালখাতার ধুম লেগেছে।