কৃষি ও কৃষক বাঁচানোর দাবিতে মৌলভীবাজারে হাওর কনভেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওয়াদিঘি-হাকালুকিসহ সব হাওরের ফসল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কৃষি ও কৃষক বাঁচানোর দাবিতে আগামী শুক্রবার মৌলভীবাজারে হাওর কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। কনভেনশনে মৌলভীবাজার জেলার বিভিন্ন হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিনিধি, পানি বিশেষজ্ঞসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন। কাওয়াদিঘি হাওরাঞ্চলে কৃত্রিম জলাবদ্ধতা নিরসনের দাবিতে জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটির ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাসদ মৌলভীবাজার জেলা শাখা হাওর কনভেনশনের আয়োজন করেছে।সংগ্রাম কমিটি সূত্রে জানা গেছে, কাওয়াদিঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতা নিরসন, ক্ষতিপূরণ আদায়সহ সাত দফা দাবিতে কাওয়াদিঘি হাওর জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ এবং কমিটি গঠন করেছে। এরই মধ্যে সংগ্রাম কমিটি রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কালারবাজার, মোকামবাজার, মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও, মুন্সীবাজার ও পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজার এবং মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়পুর বাজারে সমাবেশ করেছে। এ ছাড়া সংগ্রাম কমিটির পক্ষ থেকে মৌলভীবাজার শহরে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এসব সমাবেশে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সব কৃষকের ক্ষতিপূরণ ও বিনা সুদে কৃষিঋণ প্রদান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে কাশিমপুর পাম্প হাউস সার্বক্ষণিক চালু রাখা ও পাম্প হাউসের আধুনিকায়ন, হাওরপারের ইউনিয়নগুলোতে সামরিক বাহিনীর দরে গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু করা ও কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ, বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মনু-কুশিয়ারাসহ সব নদী-খাল খনন, তদন্ত কমিটি গঠন করে হাওরগুলোতে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারী জলমহাল ইজারাদার ও কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা, হাওরের ওপর নির্ভরশীল প্রান্তিক চাষি ও ক্ষেতমজুরদের ভিজিডি, ভিজিএফ কার্ড প্রদান ও কাবিখা কর্মসূচি চালু করা এবং সমবায়ের ভিত্তিতে হাওরে মৎস্য চাষের জন্য জলাশয়গুলো প্রকৃত জেলেদের ইজারা ও বিনা সুদে ঋণ প্রদান করার দাবি জানানো হয়েছে। সংগ্রাম কমিটি অভিযোগ করেছে, কাওয়াদিঘি হাওরে পানি ঢুকিয়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করা হয়েছে। এতে হাওরাঞ্চলের আমন ফসল ও ফসলের জমি তলিয়ে গেছে। হাওর কনভেনশনের আয়োজকেরা জানিয়েছেন, মৌলভীবাজার ও সিলেট জেলা নিয়ে বিস্তৃত হাকালুকি হাওরের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার বুড়িকিয়ারি এলাকায় বাঁধ দেওয়ায় প্রতিবছর তৈরি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতার। এতে বোরো ফসলসহ অন্যান্য ফসল হুমকিতে পড়েছে। রোপা আমন চাষ অসম্ভব হয়ে পড়েছে। অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও ভরাটের কারণে মৌলভীবাজার জেলার কাওয়াদিঘি, হাকালুকি, বড় হাওর, হাইল হাওর, করাইয়া ও কেওলা হাওরের স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে হাওর এলাকার ধান ও মাছ উৎপাদন সংকটের মুখে পড়েছে।