
বাংলাদেশ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বে সবার চেয়ে এগিয়ে আছে। এ দেশের কৃষকেরা আগামী দিনে গ্রামে গ্রামে সতর্ক থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা করবেন।
গতকাল শনিবার বিকেলে নড়াইলের লোহাগড়া মোল্লার মাঠে দুই দিনব্যাপী ষষ্ঠ জাতীয় কৃষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন। জাতীয় কৃষক সমিতি সম্মেলনের আয়োজন করে।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা। জাতীয় কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসানের সভাপতিত্বে ও সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক মনোজ সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি মাহামুদুল হাসান, সদস্য আনিসুর রহমান মল্লিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাস।
রাশেদ খান মেনন বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ বেড়েছে। কৃষকের কপালে কিছুই জুটল না। সব পেশাজীবীর দাবি আদায়ের সংগঠন আছে, কৃষকের সংগঠন নেই। সংগঠন গড়ে তুলে নিজের পাওনা বুঝে নিতে হবে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, শুধু কৃষির উন্নতি নয়, কৃষকেরও উন্নতি চাই। কৃষক যদি তাঁর পণ্যের ন্যায্যমূল্য না পান, কৃষকের অবস্থার যদি পরিবর্তন না হয়, তাহলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অহংকার করা অর্থহীন। তিনি বলেন, গত আড়াই শ বছরে উপমহাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে কৃষক সমাজই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। কিন্তু সব সরকারের কাছ থেকেই তারা পেয়েছে অবহেলা।
ফজলে হোসেন বাদশা বলেন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশের বিরুদ্ধে কৃষকেরাই আন্দোলনের সূচনা করেছিলেন। এখন কৃষি উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন। কৃষক যেমন জাতিকে বাঁচিয়ে রেখেছেন, জাতিরও কর্তব্য কৃষককে বাঁচিয়ে রাখা।
আজ রোববার জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে। এ জন্য দেশের ৫০টি জেলার প্রায় ৭০০ কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত হয়েছেন।
সম্মেলনকে সুসজ্জিত করতে মাওলানা ভাসানী, তেভাগা আন্দোলনের নেতা অমল সেন, সর্বভারতীয় কৃষকনেতা নগেন সরকার, হাজং বিদ্রোহের নায়ক মণি সিংহ, ভাষাসৈনিক আবদুল মতিন ও লোহাগড়ার কৃষক আন্দোলনের নেতা শহীদ হাফিজার মোল্লার নামে তোরণ নির্মাণ করা হয়েছে।