কৃষি ও কৃষকের খবরে গুরুত্ব দেওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে গতকাল দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অতিথিরা ষ প্রথম আলো
প্রথম আলোর উদ্যোগে গতকাল দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অতিথিরা ষ প্রথম আলো

কৃষি ও কৃষকের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করতে হবে। সরকারবিরোধী নেতিবাচক খবর অতিরিক্ত গুরুত্ব দিয়ে প্রকাশের জন্য যেমন মন খারাপ হয়, তেমনি অন্য একাধিক পত্রিকা পড়লেও প্রথম আলো না পড়লে মনে হয় যেন পত্রিকা পড়া হলো না।
গতকাল শুক্রবার দিনাজপুরে প্রথম আলোর উদ্যোগে ‘পাঠকের মুখোমুখি: সুধী সমাবেশ ও মতবিনিময়’ সভায় পাঠকেরা এসব কথা বলেন।
বিকেল পাঁচটায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শহরের আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম পাঠকদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে আব্দুল কাইয়ুম পাঠকদের সামনে ভিডিও ক্লিপের মাধ্যমে পত্রিকাটির ১৫ বছরের ধারাবাহিক পথচলার নানা দিক তুলে ধরেন। প্রথম আলোর বস্তুনিষ্ঠ খবর প্রকাশ ছাড়াও গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, অ্যাসিড-সন্ত্রাসের শিকার মানুষের চিকিৎসা ও পুনর্বাসন, বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন তিনি।
দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছফর আলী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহাদাৎ হোসেন খান, রাজনীতিক আবুল কালাম আজাদ, শিক্ষক সফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক সৈকত পালসহ অনেকে বর্তমান সরকারের সমালোচনা করে নেতিবাচক খবর প্রকাশ করায় প্রথম আলোর সমালোচনা করেন। অন্যদিকে সিপিবির জেলা সভাপতি আলতাফ হোসাইন বাম ঘরানার রাজনৈতিক দল এবং সংগঠনগুলোর খবর প্রকাশে কম গুরুত্ব দেওয়ার অভিযোগ করেন। তিনি জানান, অন্য একাধিক পত্রিকা পড়লেও প্রথম আলো না পড়লে অতৃপ্ত থাকেন।
আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক রুবী আফরোজ প্রথম আলোর অনেক সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং জেলা পর্যায়ের শিশু-কিশোরদের আঁকা ছবি ও লেখা প্রকাশের পরামর্শ দেন। বাসদের নেতা সারোয়ারুল হাসান কৃষি ও কৃষকের খবর প্রকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সংস্কৃতিকর্মী হারুন-অর-রশিদ, রবিউল ইসলাম ও শিক্ষক বিশ্বজিৎ দাস প্রথম আলোর বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি বিভিন্ন ক্রোড়পত্রের প্রশংসা করেন। তবে তাঁরা পত্রিকায় বেশি বিজ্ঞাপন ছাপার সমালোচনা করেন।