কৃষি ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের এলাকা পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লোডশেডিং, সেচ ব্যাহত, চাষিদের মাথায় হাত’ শিরোনামে গতকাল বুধবার প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন।কর্মকর্তাদের মধ্যে ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজার রহমান, পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক (জিএম) এস এম হাবিবুর রহমান ও ডিজিএম রফিকুল ইসলাম।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের আগমন উপলক্ষে গতকাল সকাল থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। এলাকার কৃষক আবদুল মালেক বলেন, রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যেখানে বিদ্যুৎ পাওয়া যেত না, সেখানে হঠাৎ করে বুধবার দিনের বেলায় বিদ্যুৎ এল কীভাবে? তাহলে কি বিদ্যুৎ উৎপাদন এক দিনে বেড়ে গেছে?পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এস এম হাবিবুর রহমান বলেন, ‘সেখানে কিছু সমস্যা হয়েছে, তবে মারাত্মক কিছু হয়নি। এ জেলায় আমাদের প্রয়োজন ৩০ মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে গত কয়েক দিনে আমরা পেয়েছি সাড়ে চার থেকে পাঁচ মেগাওয়াট। এখন আমাদের লোড কিছুটা বাড়িয়েছে। আমরা ২৪ ঘণ্টায় ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারলে আর কোনো সমস্যা থাকবে না।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজার রহমান বলেন, ‘কৃষকদের বিদ্যুৎচালিত সেচপাম্পের পাশাপাশি কিছু ডিজেলচালিত শ্যালো বসানোর পরামর্শ দিয়েছি। অনেকে শ্যালো বসানোর জন্য বোরিং করা শুরু করেছে। এ ছাড়া পল্লী বিদ্যুতের সরবরাহও বাড়ানো হয়েছে। যেসব খেতে ধানের চারা মরে গেছে, সেখানে আবার বপন করারও পরামর্শ দিয়েছি।’