কৃষি ও শিল্পে দক্ষিণ আফ্রিকার বিনিয়োগের আগ্রহ
বিনিয়োগের উপযোগী পরিবেশ থাকায় দক্ষিণ আফ্রিকার উদ্যোক্তারা বাংলাদেশে কৃষি ও শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত হাইকমিশনার জিওফ্রে কুইনটন ডয়েজ গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশকালে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে তার বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে চায়।’ খবর বাসসের।বৈঠককালে হাইকমিশনার দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও কিংবদন্তি মানবতাবাদী নেতা নেলসন ম্যান্ডেলার ‘বিশেষ শুভেচ্ছা’ রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন।এ সময় পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। এর আগে নবনিযুক্ত হাইকমিশনার বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।বৃত্তি বাড়াবে নিউজিল্যান্ড: বাংলাদেশে নিউজিল্যান্ডের নবনিযুক্ত হাইকমিশনার অ্যাভেরিল জ্যান হেন্ডারসন গতকাল বঙ্গবভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় তিনি বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশের পেশাজীবীদের পাশাপাশি গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহী।রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্য আমদানির জন্য নিউজিল্যান্ডের সরকারের প্রতি আহ্বান জানান।