কৃষি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রায় দুই টন সরকারি সার ও প্যাকেট বীজ কলাপাড়া উপজেলার উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লিটন চন্দ্র রায়ের বাসভবন থেকে সোমবার উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর বুধবার তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ ডিসেম্বর) উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকতা লিটন চন্দ্র রায়ের নাচনাপাড়া এলাকার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ইউরিয়া, জিংক, পটাশ, টিএসপি ও এমওপি—এই জাতীয় প্রায় দুই টন সরকারি সার ও প্যাকেট বীজ উদ্ধার করা হয়।ওই সময় বাড়িতে উপস্থিত তাঁর ভাই মিলন চন্দ্র রায় বলেন, ‘বিভিন্ন এলাকার কৃষকেরা এসব কৃষিপণ্য আমাদের বাড়িতে রেখে গেছেন।’উপসহকারী কৃষি কর্মকর্তা লিটন চন্দ্র রায় বলেন, ‘সরকারি গুদামে জায়গা না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে গুদাম থেকে ওই মাল তুলে কৃষকদের সহায়তার জন্য আমার বাসায় নিয়ে রাখা হয়েছে। আমি কর্ম এলাকার বাইরে থাকায় সার ও বীজগুলো বিতরণ করতে পারিনি।’কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার বলেন, ‘সরকারি গুদাম থেকে তোলা সার ও বীজ লিটন চন্দ্র রায়ের বাড়িতে রাখতে বলা হয়নি। এ ব্যাপারে আমার কোনো এখতিয়ার নেই। বুধবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তা ছাড়া মালগুলো কীভাবে তাঁর বাড়িতে গেছে, এর কারণ দর্শাতে বলা হয়েছে। এছাড়া বুধবার রাতে এ ব্যাপারে কলাপাড়া থানায় মামলা করেছি।’পটুয়াখালীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ জেড এম মমতাজুল করিম জানান, কেন এবং কীভাবে এগুলো তাঁর বাড়িতে গেল, সে বিষয়ে শিগগির বিভাগীয় তদন্ত করা হবে।