কৃষি কর্মকর্তাকে হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন
পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তৈয়ব আলীকে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার এ রায় দেন।দণ্ড পাওয়া ১০ জন হলেন পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের নাজির শেখ, হরিনারায়ণপুর গ্রামের আবদুস সামাদ ওরফে ধলা সামাদ, একই গ্রামের আবদুস সামাদ ওরফে লম্বা সামাদ, মকবুল হোসেন, ইব্রাহিম মৃধা, রাঘবপুর গ্রামের আবু তাহের, এস্কেন আলী, ভাউডাঙ্গা গ্রামের মাসুদ খান, কোলাদী গ্রামের মোজাহার আলী ও রাউতি গ্রামের বলাই মিস্ত্রি। তাঁদের মধ্যে নাজির শেখ, ধলা সামাদ, লম্বা সামাদ, ইব্রাহিম মৃধা এবং বলাই মিস্ত্রি বন্দুকযুদ্ধ ও প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। রায়ের সময় এস্কেন আলী ও মাসুদ খান আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ৯ মার্চ সকালে তৈয়ব আলী তাঁর হরিনারায়ণপুর গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল সন্ত্রাসী তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনার দিনই নিহতের ভাই মোতাহার হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে পাবনা সদর থানায় হত্যা মামলা করেন।