কৃষি কর্মকর্তার সহযোগিতায় ভুয়া এনজিওর নামে অর্থ আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ইন্টারন্যাশনাল মাদার অর্গানাইজেশন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মজীবী মহিলা কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী গ্রাহকেরা ২৮ নভেম্বর রাতে এনজিওটির উপজেলা সমন্বয়ক জামাল হোসেনকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন। ৩০ নভেম্বর পর্যন্ত তিন দিন জামাল হোসেন পুলিশ হেফাজতে ছিলেন। তিন দিন গ্রাহকেরা টাকা ফেরত পাওয়ার আশায় থানায় অপেক্ষা করেন। পরে শুক্রবার রাতে জামাল হোসেনকে জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।জামাল হোসেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সহযোগিতায় এই অর্থ আদায় করেছেন বলে প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। তবে কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন সংস্থাটির কয়েকটি কর্মসূচিতে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও এনজিওটির সঙ্গে সম্পৃক্ততা থাকার বিষয়টি অস্বীকার করেছেন।বেতছড়ি এলাকার হনুফা আক্তার, হেলেনা খাতুন, আয়েশা আক্তার, শাহিদা, আয়েশা খাতুনসহ গ্রাহকেরা অভিযোগ করে বলেন, ‘আমাদের এখানে জামাল হোসেনের সঙ্গে কৃষি কর্মকর্তা এসে সমিতিতে সদস্য হওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখান। সমিতিতে সদস্য হলে প্রথমে গরু কেনার জন্য এককালীন ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে বলে ৮৫০ টাকা করে সঞ্চয় জমা নেন। কৃষি কর্মকর্তা বলেছেন, সমিতিতে সদস্য হলে পাম ছাড়া, শাক-সবজির বীজ,গমসহ নানা সুবিধা দেওয়া হবে। এখন শুনছি এনজিওটি ভুয়া। আমরা কৃষি কর্মকর্তাকে দেখে বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। আমাদের এখানে দুটি সমিতিতে ৭২ জন সদস্য রয়েছে। সবাই ৮৫০ টাকা করে সঞ্চয় জমা দিয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই।’ইন্টারন্যাশনাল মাদার অর্গানাইজেশনের উপজেলা সমন্বয়ক জামাল হোসেন বলেন, ‘আমি যা করেছি, সবই কৃষি কর্মকর্তা সালাউদ্দিনের পরামর্শে। আমি প্রথমে স্বেচ্ছাসেবামূলক কাজ করতাম। সালাউদ্দিন সাহেব আমাকে সমিতি গঠন করা, সঞ্চয় আদায়সহ তহবিল আনার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমাকে পরিচিত করার জন্য সালাউদ্দিন সাহেব কৃষি বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি করেছেন। আমার বিভিন্ন কর্মসূচিতে কৃষি কর্মকর্তা গিয়েছেন। আমার কাছ থেকে বিভিন্ন সময়ে কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টাকা নিয়েছেন। আমার টাকায় কৃষি কার্যালয়ের পেছনে একটি বাগানও করেছেন। আমার সঙ্গে ওনার পারিবারিক সম্পর্কও রয়েছে। আমি আটক হওয়ার পর শুক্রবার সকালে থানায় এসে বলেন, আমি তোমাকে বাঁচাতে চাই। আমাকে জড়িত করার কারণে নিজেও বাঁচতে পারবেন না।’উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সালাউদ্দিন সংস্থাটির কয়েকটি কর্মসূচিতে উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি জামালের কর্মসূচিতে অতিথি হিসেবে গিয়েছি। সঞ্চয় আদায় করা, নারীদের বিভিন্ন সুবিধা দেওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। জামাল নিজেকে বাঁচাতে এখন আমার নাম বলছেন। আমি এ সংস্থার সঙ্গে জড়িত নই।’কৃষি বিভাগের কয়েকটি অনুষ্ঠানে জামালকে অতিথি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু জামাল কৃষি নিয়ে কাজ করেন, তাই তাঁকে মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম বলেন, ‘এনজিওটির সমন্বয়ক জামাল হোসেন ও গ্রাহকদের মৌখিক অভিযোগের ভিত্তিতে কৃষি কর্মকর্তা সালাউদ্দিনকে আমার কার্যালয়ে ডেকে জিজ্ঞাসা করা হয়। তিনি সবকিছুই অস্বীকার করেছেন। প্রতারিত গ্রাহকেরা এখনো আমার কাছে লিখিত কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘প্রতারিত গ্রাহকেরা থানায় লিখিত কোনো অভিযোগ না দেওয়ায় আমরাও আইনগত ব্যবস্থা নিতে পারিনি। তাই তাঁকে আত্মীয়স্বজনের জিমঞ্চায় ছেড়ে দেওয়া হয়।’