ইউরিয়া সারের দাম বস্তাপ্রতি ৪০০ টাকা বৃদ্ধির সরকারি ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত তিন দিনে সিরাজগঞ্জের তাড়াশ এবং বরগুনার আমতলী উপজেলায় অবৈধভাবে মজুদ করা তিন হাজার ১১৫ বস্তা সার উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:সিরাজগঞ্জ: কৃষি অফিস সূত্রে জানা গেছে, আগে প্রতি বস্তা সার বিক্রি হতো ৬১০ টাকা করে। গত বুধবার (১ জুন) থেকে ইউরিয়া সারের দাম বস্তাপ্রতি ৪০০ টাকা বাড়ানো হয়। দাম বাড়ার পর সংশ্লিষ্ট ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তারা (ব্লক সুপারভাইজার-বিএস) ডিলারদের কাছে থাকা সারের মজুদ তালিকা তৈরি করেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার বারুহাস বাজারে স্থানীয় চারজন ডিলারের নামে ২৭৫ বস্তা সার মজুদ দেখানো হয়। ডিলাররা কৃষি অফিসের সঙ্গে যোগসাজশ করে মজুদ কম দেখিয়ে তালিকা তৈরি করেন। পরে নতুন সার আনা হয়েছে বলে অবৈধভাবে মজুদ রাখা সার তাঁরা বেশি দামে বিক্রি করতে থাকেন। এ ঘটনায় কৃষকেরা ক্ষিপ্ত হয়ে গতকাল রোববার সকালে বারুহাস ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম মিয়া এবং বাজারের তিনজন ডিলার—জিল্লুর রহমান, ছাত্তার মিয়া ও নাজির উদ্দীনকে ঘেরাও করেন। পরে তাঁদের দোকান ও গুদাম থেকে ৭৫০ বস্তা সার উদ্ধার করা হয়। এ সময় জিন্নাহ মিয়া নামের আরেক ডিলার ঘর বন্ধ করে পালিয়ে যান।উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম মিয়া জানান, ডিলাররা মজুদ কম দেখিয়ে বাকি সার বেশি দামে বিক্রি করছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে মীমাংসার চেষ্টা চলছে।আমতলী (বরগুনা): স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা কৃষি দপ্তরের যৌথ অভিযানে আমতলীর চারজন ডিলারের গুদাম থেকে দুই হাজার ৩৬৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বিধানচন্দ্র ইউনিয়নের ডিলার আতিকুর রহমানের সারের গুদাম থেকে ৭৩৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেন। পরে তাঁরা আগের দামে (বস্তাপ্রতি ৬১০ টাকা) সারগুলো কৃষকের মধ্যে বিক্রির ব্যবস্থা করেন।গত শনিবার আমতলী সদর ইউনিয়নের ডিলার এ কে এম ইউসুফের গুদাম থেকে ৬০০ বস্তা, আমতলী পৌর এলাকার ডিলার মহিউদ্দিনের গুদাম থেকে ৬৩০ বস্তা এবং চাওড়া ইউনিয়নের ডিলার হাবিবুর রহমানের গুদাম থেকে ৪০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সহায়তায় কৃষি কর্মকর্তারা টোকেনের মাধ্যমে কৃষকের মধ্যে ন্যায্যমূল্যে ওই সার বিতরণ করেন।উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে।