বাংলাদেশের কৃষি খাত থেকে প্রতিবছর এক কোটি ছয় লাখ ৪০ হাজার টন কার্বন নিঃসরণ হয়ে থাকে। এই কার্বনের বেশির ভাগই আসে অতিরিক্ত পানি দিয়ে সেচ দেওয়া, ধান সেদ্ধ করা ও শুকানোর মাধ্যমে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিসের (বিসিএএস) যৌথ সমীক্ষায় এই তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়। কর্মশালায় সমীক্ষার প্রধান গবেষক ও বিআইডিএসের গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বলেন, দেশে এক কেজি ধান উৎপাদন করতে সাড়ে তিন হাজার লিটার পানি সেচ দেওয়া হয়। তিনি বলেন, লিফ কালার চার্ট, গুটি ইউরিয়া ব্যবহারসহ অন্যান্য প্রযুক্তির মাধ্যমে ধান ও আলু উৎপাদনে খরচ ও গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো সম্ভব। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মাথাপিছু কার্বন নিঃসরণের পরিমাণ দশমিক তিন টন, উন্নয়নশীল দেশগুলো মাথাপিছু দুই টন ও উন্নত দেশগুলোতে ২০ টন। তিনি বলেন, কার্বন নিঃসরণ কমানো বাংলাদেশের অগ্রাধিকার খাত নয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ-উল-আলম বলেন, শিল্পোন্নত দেশগুলো বাংলাদেশের মতো কম কার্বন নিঃসরণকারী দেশগুলোকে বলছে, তোমাদের কৃষি খাত কার্বন নিঃসরণ করছে। জলবায়ুকেন্দ্রিক এ ধরনের রাজনীতির ব্যাপারে সচেতন থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ারুল ইসলাম বলেন, জলবায়ুর সম্মেলনগুলোতে প্রযুক্তি ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে। তাঁরা কার্বন নিঃসরণ প্রযুক্তি বিক্রির জন্য বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোকে প্ররোচিত করছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মোস্তাক, বিসিএএসের নির্বাহী পরিচালক আতিক রহমান, বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরি প্রমুখ কর্মশালায় বক্তব্য দেন।