শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষি খাত আধুনিকায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। গতকাল শুক্রবার সিলেটের বিয়ানীবাজারে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ-সহায়তা কার্ড বিতরণের সময় তিনি এসব কথা বলেন।নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষি উপকরণ-সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকেরা উপকৃত হলে সরকারের প্রচেষ্টা সার্থক হবে।গতকাল বিয়ানীবাজারের দেউলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সর্বক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে দেশ সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।