কৃষি খাতে উন্নত প্রযুক্তি ব্যবহারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ দেশের কৃষি খাতে উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন। রাজধানীতে আয়োজিত তিন দিনের কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে আজ শনিবার তিনি এ আহ্বান জানান।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া এই মেলার আয়োজন করে। তোফায়েল আহমেদ বলেন, ১৯৭২ সালে দেশের জিডিপিতে কৃষির অবদান ছিল ৭৮ শতাংশ। বর্তমানে কৃষির এই অবদান ১৫ শতাংশ। বাকিটা শিল্প ও সেবা খাতের অবদান। কৃষি খাতে উন্নয়নে সরকার গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল, পদ্মা সেতুর মতো অনেক বড় বড় প্রকল্প করছে। এ বছর বাংলাদেশ ৩৪ বিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করবে।
মেলার সমাপনী দিনে আরডিএ’র মহাপরিচালক এম এ মতিন বলেন, দেশের বড় বড় প্রকল্পের পানি ব্যবস্থাপনার কাজগুলো আরডিএ’র প্রযুক্তি ব্যবহার করে অনেক কম খরচে করা সম্ভব হচ্ছে। সরকারের সহযোগিতা নিয়ে আরডিএ রংপুর ও জামালপুরে আরও দুটি শাখাও গড়ে তোলা হচ্ছে।
সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমার রায়। এ ছাড়া বেসরকারি খাতের উদ্যোক্তারাও এতে বক্তব্য দেন।
সমাপনী দিনে মেলায় অংশ নেওয়া ১৯টি দেশের ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে সেরা স্টলের পুরস্কার দেওয়া হয় বাংলাদেশি প্রতিষ্ঠান এসিআই লিমিটেড। দ্বিতীয় স্থান নির্বাচিত হওয়া দুই প্রতিষ্ঠান হলো বুইলার বাংলাদেশ ও চিক অ্যান্ড ফিডস। তৃতীয় স্থানের পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান দুটি হচ্ছে মাহতাব করপোরেশন ও গ্রীণল্যান্ড টেক।