কৃষিতে নিবিড় গবেষণার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা পূরণ এবং দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কৃষি খাতে নিরবচ্ছিন্ন ও নিবিড় গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, অধিক খাদ্য উত্পাদন ও বহুমুখীকরণে কৃষি খাতে নতুন উদ্ভাবন ছাড়া খাদ্য উত্পাদনের চলমান অগ্রগতি ধরে রাখা সম্ভব নয়। খবর বাসসের।
গতকাল সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৮ প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কৃষিবিজ্ঞানীরা যেন এ খাতে আরও অবদান রাখতে পারেন, সে জন্য তিনি ভবিষ্যতে তাঁদের অবসরের বয়স বৃদ্ধির বিষয় বিবেচনার ঘোষণা দেন।
কৃষি খাতে অবদানের জন্য চলতি বছর ২৮ ব্যক্তি ও সংস্থাকে বঙ্গবন্ধু কৃষি পদক দেওয়া হয়। এর মধ্যে চারটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ পদক।
স্বর্ণপদকপ্রাপ্তরা হলো: ইস্ট বীরকোট আইপিএম উইম্যান ক্লাব, সেনবাগ, নোয়াখালী; গাদখালী নার্সারার অ্যান্ড ফ্লাওয়ার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঝিকরগাছা, যশোর; গাইবান্ধার সাদুল্যাপুরের এম লুত্ফর রহমান, কৃষি সম্প্রসারণ বিভাগের (এইডি) উপপরিচালক মামুনুর রশিদ।
রৌপ্য পদকপ্রাপ্তরা: বায়ো-টেকনোলজি ডিভিশন অব বাংলাদেশ অ্যাটোমিক এগ্রি-রিসার্চ ইনস্টিটিউট, ময়মনসিংহ; রংপুরের বদরগঞ্জের দক্ষিণ বিষ্ণুপুরের আসাদুজ্জামান চৌধুরী, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট, চাঁদপুরের কৃষাণপুরের কুমারডুগি ভেজিটেবল সিআইজি কো-অপারেটিভস লিমিটেড, বাগেরহাটের এইডি মৃত্যুঞ্জয় রায়, হবিগঞ্জের মাধবপুরের আমজাদ খান এবং ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব সূত্রধর।
ব্রোঞ্জ পদকপ্রাপ্তরা: রংপুরের মিঠাপুকুরের উপসহকারী কৃষি কর্মকর্তা পরিমল সরকার, শেরপুরের নালিতাবাড়ীর মকসুদুর রহমান, কিশোরগঞ্জের খামারবাড়ির এইডি স্টোরকিপার সৈয়দ নূরুল আওয়াল তারা মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা সালমা আক্তার, ময়মনসিংহের মুক্তাগাছার উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, রাজবাড়ী সদরের লজি বেগম, নীলফামারীর সৈয়দপুরের মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ, বগুড়ার শিবগঞ্জের এম আনসার আলী, নরসিংদীর শিবপুরের সেলিনা জামান, পাবনার ঈশ্বরদীর আদর্শ কৃষি খামার, খুলনার ডুমুরিয়ার মাটি মা মণীন্দ্র-সাবিত্রী অ্যাফোরস্টেশন প্রকল্প, বাগেরহাটের রামপালের ডিজে এগ্রো লিমিটেডের সৈয়দ আবদুল মতিন, পটুয়াখালীর কলাগাছার মাসুম সিকদার, সিলেটের বিশ্বনাথের আলতাফ আলী, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের এম জাহেরুল ইসলাম, পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডের আমিরুল ইসলাম এবং ফেনীর দাগনভূঞার ওমরপুরের মঈন উদ্দিন।