কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী ‘সার্ক সিড কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন ২০১১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।সার্কভুক্ত দেশগুলোর শীর্ষস্থানীয় কৃষিবিজ্ঞানী, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন। সার্ক কংগ্রেসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘ভালো বীজ, ভালো ফসল’। কাল মঙ্গলবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, আমদানি করে ১৫ কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব নয়। তিনি দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিতে উন্নত বীজ, প্রযুক্তি এবং কৌশল গ্রহণের আগে যথেষ্ট সাবধানতা অবলম্বনের জন্য কৃষকদের পরামর্শ দেন।প্রধানমন্ত্রী গবেষণার মাধ্যমে নতুন নতুন উচ্চফলনশীল জাত উদ্ভাবনের আহ্বান জানান। তিনি বলেন, সবকিছুর আগে খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে একসময় হাজার হাজার প্রজাতির ধান ছিল। স্বাদে-গন্ধে-বর্ণে সেগুলো ছিল বৈচিত্র্যময়। কিন্তু সেসব ধান আজ বিলুপ্তির পথে। এগুলো যাতে একেবারে হারিয়ে না যায়, সে জন্য জিন সংরক্ষণ করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগ, সার্ক সিড ফোরাম এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত সার্ক সিড কংগ্রেস ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ভারতের কৃষি ইনস্টিটিউটের গবেষণা বিভাগের যুগ্ম পরিচালক মালবিকা দাদলানি প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন বীজ বিভাগের মহাপরিচালক আনোয়ার ফারুক। স্বাগত বক্তব্য দেন সিড অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহাবুব আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিসচিব কিউ কে মোস্তাক আহমেদ। প্রধানমন্ত্রী বলেন, ‘ভালো বীজ মানে শুধু বেশি ফলন দেয়, তা নয়। ভালো বীজ সেগুলো, যা থেকে ফসল ফলাতে কম পরিমাণ জ্বালানি ব্যবহূত হয়। কম বালাইনাশক লাগে। কৃষকবান্ধব হয়। টেকসই হয় এবং সর্বোপরি আমাদের জীববৈচিত্র্যের এবং পরিবেশের ক্ষতি করে না।’ প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য প্রাপ্তির বিষয়টি ক্রমাগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করে বলেন, আবাদি জমির পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে। সে জন্য কম জমিতে বেশি পরিমাণ ফসল উৎপাদন করতে হবে। তিনি বলেন, ‘কৃষি এ অঞ্চলের জাতীয় অর্থনীতির প্রধান নিয়ামক। আমাদের শ্রমশক্তি প্রায় অর্ধেকই কৃষিতে নিয়োজিত। তাছাড়া শিল্পের বেশির ভাগ কাঁচামালও আসে কৃষি থেকে।’ গত সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সার্ক সিড ব্যাংকের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে মানসম্পন্ন ও উন্নত জাতের বীজের আদান-প্রদান সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬-২০০১ মেয়াদে আমরা দেশকে খাদ্যে উদ্বৃত্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করি। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে আমাদের সরকারের অর্জনগুলোকে একের পর এক ধ্বংস করে কৃষিকে পরমুখাপেক্ষী করে তোলে। এবার দায়িত্ব নেওয়ার পর আবার আমরা সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করেছি। ২০১৩ সালের মধ্যে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে আমরা নন ইউরিয়া সারের দাম হ্রাস করেছি। গত দুই বছরে আরও দুবারসহ মোট তিনবার সারের দাম কমিয়ে তা কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছি।’