কৃষি খাতের জন্য সরকারের কাছে ৫৫ দফা সুপারিশ
জাতীয় বাজেট ২০১২-১৩ সামনে রেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পক্ষ থেকে কৃষি ও কৃষকের জন্য করণীয় শীর্ষক ৫৫ দফা সুপারিশ প্রদান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে গতকাল শুক্রবার এ সুপারিশমালা প্রদান করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।সুপারিশমালা প্রদানের সময় অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। হূদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে এই নিয়ে সপ্তমবারের মতো জাতীয় বাজেটের আগে সুপারিশমালা প্রদান করা হলো। সরকারের কাছে কৃষি খাতের জন্য ১৮ দফা, পোলট্রি খাতের জন্য ১৪ দফা, মৎস্য খাতের জন্য ১২ দফা এবং প্রাণিসম্পদ ও দুগ্ধশিল্পের জন্য ১১ দফা সুপারিশের কথা বলা হয়। আবুল মাল আবদুল মুহিত বলেন, কৃষি এমন একটি খাত, এ খাতের পুরোটাই ভর্তুকি। তার পরও সরকার মনে করে, কৃষি খাতে ভর্তুকির মধ্য দিয়ে কৃষককে সমর্থন ও সহায়তা করা হয়। এ সময় তিনি পোলট্রি-খাদ্যের গুরুত্বপূর্ণ উপকরণ ভুট্টার চাষ ব্যাপক বৃদ্ধির ক্ষেত্রে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। অর্থমন্ত্রী চ্যানেল আইয়ের হূদয়ে মাটি ও মানুষের ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ কার্যক্রমকে অত্যন্ত সাফল্যজনক ও কার্যকর একটি উদ্যোগ উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে কৃষি বাজেট জনপ্রিয়তা পেয়েছে। হূদয়ে মাটি ও মানুষের দেওয়া সুপারিশের অনেক দফা এবারের বাজেটে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে কুমিল্লা, যশোর, কক্সবাজার, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল—এই ছয় জেলায় অনুষ্ঠিত কৃষি বাজেট কৃষকের বাজেট কার্যক্রমের আলোকে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে কৃষি বাজেট কৃষকের বাজেটের মূল উদ্যোক্তা শাইখ সিরাজ বিকল্প জ্বালানি, কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত ও যান্ত্রিক উৎকর্ষ বৃদ্ধি, কৃষক প্রশিক্ষণ, বিএডিসির বীজ উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, কৃষককে প্রতারণার হাত থেকে বাঁচানোর স্বার্থে বেসরকারি বীজ কোম্পানিগুলোকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনতে হবে। তিনি দেশের চার হাজার ইউনিয়নে চালু হওয়া ইউনিয়ন তথ্যকেন্দ্রের কার্যক্রমকে সক্রিয় ও গতিশীল করার ক্ষেত্রে সরকারের সুদৃষ্টি কামনা করেন। বিজ্ঞপ্তি।