কৃষি খাতের সংস্কারের দাবিতে পদযাত্রা শুরু
জাতীয় পরিকল্পনায় কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং দেশের উন্নয়নে কৃষি খাতের সংস্কারের দাবিতে পঞ্চগড়, সাতক্ষীরা, সুনামগঞ্জ ও টেকনাফসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার থেকে কৃষি পদযাত্রা শুরু হয়েছে। দেশের ৩০টি এলাকায় কর্মরত দুই শতাধিক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের জোট গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এই পদযাত্রার আয়োজন করে। ২৯ মার্চ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষাধিক নর-নারীর অংশগ্রহণে সমাবেশের মধ্য দিয়ে পদযাত্রাটি শেষ হবে।পঞ্চগড়: জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এস এম লিয়াকত আলী ও জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ এই পদযাত্রার উদ্বোধন করেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়।সাতক্ষীরা: সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ‘কৃষি পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা খামারবাড়ীর উপপরিচালক শেখ আশরাফ আলী। আয়োজক সংস্থার পক্ষে বক্তব্য দেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল ও আইডিএফের নির্বাহী পরিচালক সোলায়মান কবীর। বরিশাল: বেলা ১১টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পদযাত্রার উদ্বোধন করেন সাংসদ তালুকদার মো. ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সচেতন নাগরিক সমাজের সভাপতি মিজানুর রহমান, কৃষকনেতা সাইফুল আলম গিয়াস, এনায়েত হোসেন, র্যাকের নির্বাহী পরিচালক মুজিবুর রহমান খান, সিএসআরএলের সদস্য প্রান্তজনের চেয়ারপারসন রেজবী-উল-কবির, নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা প্রমুখ বক্তব্য দেন।