জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রে। এ পরিবর্তন মোকাবিলায় কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিতে জোর দেওয়া উচিত। আগামী বাজেটে এ ব্যাপারগুলোর প্রতিফলন থাকা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে এশিয়ায় জলবায়ুর প্রভাব মোকাবিলা ও কৃষি ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার সমাপনী দিনে বক্তারা এ কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি-অ্যারিড ট্রপিকস (আইসিআরআইএসএটি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ কর্মশালার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, উপকূলীয় এলাকার মানুষই বলছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। এ ছাড়া হাওর অঞ্চলে ফসল ডুবে যাওয়ার ব্যাপারটিও অস্বাভাবিক। যারা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে আছে তাদের টিকিয়ে রাখার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। লবণাক্ত জমিতে যেন চাষাবাদ করা যায়, বন্যা-খরাতেও যেন ফসল ভালো থাকে সে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার বাঁধ টেকসই করাসহ দুর্যোগ মোকাবিলায় ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।আবদুর রাজ্জাক আরও বলেন, খাদ্যনিরাপত্তায় বাংলাদেশের অবস্থান ভালো। তবে ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। খাদ্য থাকলেও তাদের কেনার সাধ্য নেই।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, পরিবর্তিত কৃষিপদ্ধতি, প্রযুক্তি কীভাবে কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে ভাবতে হবে। এ ক্ষেত্রে কৃষি গবেষণা ও উদ্ভাবনের দিকে সরকারকে নজর দিতে হবে। আইসিআরআইএসএটির ঊর্ধ্বতন কর্মকর্তা এম সি এস বান্টিলান বলেন, জলবায়ু পরিবর্তনের ব্যাপারটি কৃষকেরা বুঝতে পারছেন। পরিস্থিতি মোকাবিলায় তাঁদের জন্য উপযোগী ব্যবস্থা নিতে হবে।