বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সংশোধিত আইন, ২০১০-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় পর্যায়ে কৃষি গবেষণা, সমন্বয় ও গবেষণা পরিকল্পনা এবং মূূল্যায়ন নিশ্চিত করতে এ আইনের অনুমোদন দেওয়া হয়।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সরকার কৃষি গবেষণাকে আরও জোরদার করতে চাইছে। বিশেষ করে ধান ও পাটের ক্ষেত্রে গবেষণা করতে গিয়ে যাতে কোনো সংকট সৃষ্টি না হয়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।প্রেস সচিব বলেন, কৃষি গবেষণা তহবিল আরও সমৃদ্ধ করা হবে। এ তহবিল থেকে গবেষকদের সহায়তা করা হবে, যাতে তাঁরা কোনো সংকটে না পড়েন। তিনি জানান, প্রধানমন্ত্রী গবেষণা খাতকে গুরুত্ব দিতে গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রয়োজনে গবেষকদের চাকরির বয়সসীমা বাড়ানোরও তাগিদ দিয়েছেন।জানা গেছে, কৃষি গবেষণা কাউন্সিল আইনের সংশোধনীতে বলা হয়েছে, কৃষি গবেষণায় গতিশীলতা ও জবাবদিহি বাড়াতে কৃষি গবেষণা ব্যবস্থাপনায় জাতীয় কৃষি গবেষণা (এনএআরএস) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জনবল বৃদ্ধি, উন্নততর ব্যবস্থাপনা এবং গবেষণার জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী টেকসই ও চাহিদামুখী প্রযুক্তি উদ্ভাবন প্রয়োজন। এ জন্য কৃষি গবেষণা কাউন্সিলকে যুগোপযোগী করতে ১৯৯৬ সালের আইনের কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে।বৈঠকে টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের সেরা ১০ নারীনেত্রীর মধ্যে ষষ্ঠ অবস্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন বলে জানান আবুল কালাম আজাদ। এ ছাড়া গত ১ থেকে ১৮ জুন পর্যন্ত জেনেভায় অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।