কৃষি গবেষণায় মানুষবিহীন উড়ন্ত যান

কৃষি গবেষণায় বাংলাদেশে প্রথমবারের মতো মানুষবিহীন উড়ন্ত যানের ব্যবহার শুরু হয়েছে। পটুয়াখালী সদর ও কলাপাড়া এবং বরিশালের বাবুগঞ্জে এই উড়ন্ত যান খেতের ওপর দিয়ে উড়ে ফসলের বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।
জার্মানির একটি কোম্পানির তৈরি যানটি ফসলের পরিচর্যার ছবি ও ভিডিওচিত্র ধারণ করে। যার মাধ্যমে ফসলের সার্বিক অবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যায় এবং এর ভিত্তিতে কৃষকদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া সম্ভব হয়। সংগৃহীত ছবি ও ভিডিওচিত্রের মাধ্যমে পাওয়া তথ্য পরে উন্নত কৃষি গবেষণার কাজে ব্যবহার করা হবে।
বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), নেদারল্যান্ডসের টুয়েন্ট বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) যৌথভাবে ‘স্পারিং আ ট্রান্সফরমেশন ফর এগ্রিকালচার থ্রু রিমোট সেনসিং—স্টার্স’ প্রকল্পে এই উড়ন্ত যান ব্যবহার করছে। ২০ মাসের এই প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। প্রকল্পটি পরিচালনা করছে সিমিট।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা যায়, উড়ন্ত যানটি ধান, গম, ভুট্টা, মুগডালসহ বিভিন্ন খেতে ফসলের ৬০ মিটার ওপর দিয়ে উড়ে ছবি ও ভিডিওচিত্র ধারণ করে। ওই ছবি ও চিত্র বিশ্লেষণের মাধ্যমে ফসলে পানি ও সারের ঘাটতি নির্ণয় করা, প্রয়োজনীয় সেচ ও সার প্রদানের সময়সূচি তৈরি করা হয়। ফসলের কোনো রোগবালাই বা পোকার আক্রমণ হলে প্রয়োজনীয় দমনব্যবস্থা নেওয়া সম্ভব হয়। মূলত এ পদ্ধতিতে ফসল উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কম সময়ে ও কম শ্রমে সঠিকভাবে চিহ্নিত করা যায়। ফলে সার ও সেচের ক্ষেত্রে অপচয় এবং কীটনাশকের অপব্যবহার রোধ করা সম্ভব হয়।
পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের ঠেংগাই; কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এবং বরিশালের বাবুগঞ্জে উলান বাতনা বটতলা এলাকায় এ প্রকল্পের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলছে। উড়ন্ত যানটি গত ৮ ফেব্রুয়ারি বাবুগঞ্জে প্রথমবারের মতো ফসলি জমির ওপর দিয়ে ওড়ে। ১১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
পটুয়াখালীর ঠেংগাই গ্রামে গত সোমবার সকালে গিয়ে দেখা যায়, উড়ন্ত যানটি খেতের ওপর দিয়ে উড়ছে। প্রকল্পের কর্মকর্তারা ও কিষান-কিষানিরা তা দেখছেন। স্থানীয় কৃষক মনিরুল হক জানান, এই গবেষণাকাজের জন্য তাঁদের এলাকা নির্বাচিত করায় তাঁরা খুশি। এ প্রকল্পের সার্বিক সহযোগিতায় তাঁদের ছয় একর জমিতে ভুট্টা, গম ও মুগডাল চাষ করা হয়েছে। এ ফসলের ওপর গবেষণা চলছে। কিষানি ঊর্মিলা ভদ্র জানান, তাঁরা ফসল উৎপাদনে প্রকৃতির ওপর নির্ভরশীল। তবে এখন প্রযুক্তিগত সহায়তা পেলে ফসল উৎপাদনে তাঁরা আরও এগিয়ে যেতে পারবেন।
সিমিটের গবেষক জিয়াউদ্দিন আহমেদ জানান, কৃষি গবেষণায় মনুষ্যবিহীন উড়ন্ত যান একটি আধুনিক, উন্নত এবং কার্যকর প্রযুক্তি। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সফলভাবে এর ব্যবহার শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। কৃষক পর্যায়ে এ প্রযুক্তি সঠিক ব্যবহার করে ফসলের, বিশেষ করে ধান, গম, ভুট্টা, মুগডাল ইত্যাদির ফলন বৃদ্ধি করা সম্ভব।
জিয়াউদ্দিন জানান, পটুয়াখালী ও বরিশালের ২৩ একর জমিতে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। তা ছাড়া এ প্রকল্পে মুঠোফোনের মাধ্যমে কৃষিবিষয়ক তথ্য কৃষকেরা সহজেই জানতে পারবেন।
এ প্রসঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী বলেন, প্রকল্পটি সীমিত আকারে শুরু হলেও কৃষকের অনেক উপকারে আসবে। পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অশোক কুমার শর্মা মনে করেন, এ প্রযুক্তিতে কৃষি ও কৃষক উপকৃত হবেন। তবে এ কর্মকাণ্ডে কৃষি বিভাগকে যুক্ত করা হলে মাঠপর্যায়ে কৃষকদের বেশি করে সহায়তা দেওয়া সম্ভব হবে।