কৃষি জমি হ্রাসের হিসাব নেই : সংসদে পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিজমিতে বাড়ি করার ফলে বছরে কী পরিমাণ কৃষিজমি হ্রাস পাচ্ছে, তার হিসাব সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, বর্তমানে দেশে কৃষিজমির পরিমাণ ২ কোটি ৫ লাখ ১২ হাজার একর। আর কৃষি শুমারী (১৯৯৬-২০০৮) অনুযায়ী বসতভিটার জমির পরিমাণ ৬ লাখ ৭৭ হাজার ২৮৭ একর।

আজ সোমবার সংসদে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান। প্রশ্ন উত্থাপনের আগে বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে ভূমিহীন পরিবারের সংখ্যা ১৫ লাখ ৮ হাজার ৮৭৬টি।

নূরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করতে অনেক উগ্রপন্থী বাংলাদেশি তরুণ বেনামে পাসপোর্ট তৈরির চেষ্টা করছে—ফরিদুল হক খানের এমন প্রশ্নের জবাবে আমু জানান, এমআরপি পদ্ধতি চালু হওয়ায় কারও পক্ষে বেনামে পাসপোর্ট গ্রহণ করা সম্ভব নয়।

প্রতিদিন গড়ে ১৫ হাজার এমআরপি দেওয়া হচ্ছে

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হয়ে আমির হোসেন আমু বলেন, বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট করে গ্রাহকদের দেওয়া হচ্ছে। এমআরপি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮৬ লাখ ৭৮ হাজার পাসপোর্ট ইস্যু করা হয়েছে।
মো. আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, সারা দেশের মহাসড়কগুলোর যেসব জায়গায় বেশি দুর্ঘটনা ঘটে, সেসব স্থানে তাৎক্ষণিক সেবা দিতে ‘হাইওয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।’ এটি চালু হলে দুর্ঘটনার শিকার মানুষকে দ্রুত সেবা দেওয়া যাবে।

৫৪৯ জন বিদেশি নাগরিক বন্দী

মামুনুর রশীদের প্রশ্নের জবাবে আমির হোসেন আমু জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী অর্থ বরাদ্দ না পাওয়ায় গত আট বছরেও ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের নির্মাণকাজ শেষ হয়নি। এ প্রকল্পের এখন পর্যন্ত ৬৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হয়ে আমু জানান, দেশের বিভিন্ন জেলখানায় মোট ৫৪৯ জন বিদেশি নাগরিক বন্দী আছেন। এঁরা ভারত, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, পেরু, আলজেরিয়া, ক্যামেরুন, নাইজেরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার নাগরিক। এদের মধ্যে ৩৯৩ জনের মামলা বিচারাধীন। ৭৬ জন দণ্ডপ্রাপ্ত।