কৃষি জমিতে ভাটা, দুই লাখ ইট ধ্বংস করল প্রশাসন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কৃষি জমিতে গড়ে ওঠা চারটি ইটের ভাটায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ কাঁচা ইট জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তা ধ্বংস করা হয়। আজ রোববার পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এসএম সাদিক তানভীর এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত মঠবাড়িয়া উপজেলার পাঁচশতকুড়া, সোনাখালী ও চড়কগাছিয়া গ্রামের চারটি ইটের ভাটায় অভিযান চালান। অভিযানের আগেই ওই ভাটাগুলো থেকে কর্মচারীরা পালিয়ে যান। আদালত ওই চারটি ভাটা থেকে প্রায় দুই লাখ কাঁচা ইট জব্দ করেন। পরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দলের মাধ্যমে পানি ছিটিয়ে ইটগুলো ধ্বংস করা হয়।
নির্বাহী হাকিম সাদিক তানভীর প্রথম আলোকে বলেন, অবৈধভাবে কৃষিজমিতে ওই ইটের ভাটাগুলো স্থাপন করা হয়েছে। ভাটাগুলোতে যাতে আর ইট তৈরির কাজ না চলে, তা তদারকি করবে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।