কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ মানলে রাজশাহীর আমচাষিদের এবার বালাইনাশক ছিটাতে গতবারের চেয়ে দ্বিগুণের বেশি অর্থ খরচ হবে। বালাইনাশক ছিটানোর জন্য অধিদপ্তরের বেঁধে দেওয়া মাত্রা নিয়ে এরই মধ্যে আমচাষি ও বিশেষজ্ঞদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
আমচাষি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী অঞ্চলে আমের মুকুল আসা শুরু হয়েছে। কয়েক বছর থেকে এই সময়ে ‘হপার’ পোকার আক্রমণ থেকে মুকুলকে বাঁচানো চাষিদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওই পোকার কারণে প্রতিবছর কয়েক কোটি টাকার আম নষ্ট হয়ে যাচ্ছে। এবার আগেভাগেই হপার পোকার আক্রমণ ঠেকানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কৃষকদের বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প ১৭ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞাপনটির শিরোনাম দেওয়া হয়েছে ‘জাতীয় বৃক্ষ আমগাছ পরিচর্যায় এ সময়ে করণীয়’। এতে প্রথম পরামর্শ হিসেবে বলা হয়েছে, গাছে মুকুল ৫-১০ সেন্টিমিটার লম্বা হলে ইমিডাক্লোপ্রিড/সাইপারমেথ্রিন বা কার্বারিল কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি লিটার (এমএল) পরিমাণ মিশিয়ে স্প্রে করতে হবে। সেই সঙ্গে সালফার-জাতীয় ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইমিডাক্লোপ্রিড প্রয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা মাত্রা সরকার অনুমোদিত মাত্রার দ্বিগুণ। ক্ষেত্রবিশেষে চার গুণ। বিজ্ঞপ্তিতে আমের গুটি মোটর দানার সমান হওয়া পর্যন্ত তিনবার ওই কীটনাশক ব্যবহার করতে বলা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং গত বছরের ২০ মার্চ নিবন্ধন করা কৃষি, জৈব ও জনস্বাস্থ্যে ব্যবহার্য বালাইনাশকের তালিকা প্রকাশ করেছে। সেখানে হপার পোকা দমনের জন্য ইমিডাক্লোপ্রিড গ্রুপের বিভিন্ন কোম্পানির ৮২টি ওষুধের নাম রয়েছে। তার কোনোটিতেই ওই মাত্রা ব্যবহার করতে বলা হয়নি। হপার পোকা দমনের জন্য ওই গ্রুপের ওষুধ প্রতি লিটার পনিতে শূন্য দশমিক ২৫ এমএল থেকে শূন্য দশমিক ৫ এমএল ব্যবহার করতে বলা হয়েছে। অর্থাৎ চার লিটার পানিতে এক এমএল বা দুই লিটার পানিতে এক এমএল ব্যবহার করতে বলা হয়েছে।
রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল আলীম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ওই মাত্রার সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, এই অতিরিক্ত মাত্রা ব্যবহার করা উচিত নয়। এতে করে পোকার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। পরে আর এই মাত্রায় কাজ হবে না। তা ছাড়া কৃষকেরও অর্থনৈতিক ক্ষতি হবে।
আবদুল আলীম বলেন, রাজশাহীতে ১০ লাখ ছয় হাজার ৮৮১টি গাছে আম চাষ হয়েছে। এত দিন ধরে প্রচলিত মাত্রা অনুযায়ী ইমিডাক্লোপ্রিড গ্রুপের বালাইনাশক ব্যবহার করলে প্রতিটি গাছের পেছনে খরচ পড়বে ৭৫ টাকা। ছত্রাকনাশকসহ মোট খরচ পড়বে ১০৯ টাকা। ফলে সব গাছে বালাইনাশক ছিটাতে মোট খরচ পড়বে ১০ কোটি ৯০ লাখ টাকা। আর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পরামর্শ অনুযায়ী বালাইনাশক প্রয়োগ করলে ওই অর্থের দ্বিগুণের বেশি খরচ হবে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম বলেন, যেকোনো ধরনের কীটনাশকই প্রকৃতি ও প্রাণীর জন্য ক্ষতিকর। মাত্রা কমবেশি যা-ই হোক, প্রকৃতি কোনো রাসায়নিক সহ্য করে না। তবে মাত্রা বেশি হলে ক্ষতির মাত্রাও ভয়ংকর হবে।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) কামরুজ্জামান বলেন, তাঁরা বোতলের গায়ের মাত্রা দেখে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন। বিষয়টি তাঁরা আবার ভালো করে দেখবেন।