কৃষি বিভাগের মামলায় দেয়াল ভাঙল প্রশাসন
নরসিংদীর মাধবদীতে গত বৃহস্পতিবার রাতে পৌর কর্তৃপক্ষ উপজেলা কৃষি অধিদপ্তরের জমিতে দেয়াল নির্মাণ করলে গতকাল শনিবার বেলা দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের উপস্থিতিতে জেলা প্রশাসন তা ভেঙে দেয়। দেয়াল নির্মাণের ঘটনায় গত শুক্রবার রাতেই উপজেলা কৃষি কর্মকর্তা মাধবদী পৌর মেয়রকে প্রধান করে সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পৌরসভা থেকে জানা গেছে, মাধবদী যখন ইউনিয়ন পরিষদের অধীনে ছিল তখন ইউনিয়ন কৃষি কর্মকর্তার কার্যালয় করতে পরিষদের পক্ষ থেকে স্কুল রোড এলাকায় সাত শতাংশ জমি দেওয়া হয়। সেখানে কৃষি কর্মকর্তার কার্যালয় হিসেবে ১৯৫৬ সালে একটি ভবনও করা হয়। পরে ভবনটি উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় ও আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ ওই জমি নিজেদের হিসেবে দাবি করে। গত বৃহস্পতিবার বিকেলে ভবনটি ঝুঁকিপূর্ণ দেখিয়ে সেখানে অবস্থানরত লোকজন বের করে দেওয়া হয়। এরপর রাতেই ভবনের সামনে সীমানাপ্রাচীর তৈরির কাজ শুরু করে।
বিষয়টি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুভাষ চন্দ্র গায়েন গত শুক্রবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগমকে জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও শুক্রবার গভীর রাত পর্যন্ত কাজ চালিয়ে যায় পৌর কর্তৃপক্ষ। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম পুলিশ নিয়ে গিয়ে ওই সীমানাপ্রাচীরটি ভেঙে দেন।
মাধবদী পৌর মেয়র মো. ইলিয়াছ দখলের উদ্দেশ্যে ভবনটি থেকে লোকজন বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁদের সরিয়ে দেওয়া হয়। তিনি দাবি করেন, ‘ভবনসহ ওই জায়গা তো পৌরসভারই। আগের মেয়ররা গুরুত্ব না দেওয়ায় জায়গাটা বেদখল হয়ে গেছে। এর সব বৈধ কাগজপত্র পৌরসভার আছে।