কৃষি বিমা থেকে সরে এসেছেন অর্থমন্ত্রী
বাজেট প্রণয়ন প্রক্রিয়া ও খাতভিত্তিক বরাদ্দে পরিবর্তনের সুপারিশ করলেন সংসদীয় ককাসের বক্তারা। একই সঙ্গে বক্তারা বলেছেন, শুরুতে অর্থমন্ত্রী কৃষি বিমা ও কৃষক ক্লাবের কথা বললেও এখন তা আর মনে করেন না।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলনকক্ষে জাতীয় পরিকল্পনা ও বাজেট-সম্পর্কিত সংসদীয় ককাস আয়োজিত বাজেট-পরবর্তী এক পর্যালোচনা সভায় এসব কথা বলা হয়। সাংসদ মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাংসদ নাজমুল হক প্রধান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। প্যানেল আলোচক ছিলেন অর্থনীতিবিদ আবু আহমেদ।
মূল প্রবন্ধে কাজী মারুফুল ইসলাম বলেন, সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে বাজেট জনগণের উপকারে আসবে না। আবু আহমেদ বলেন, ‘আমরা সবাই প্রবৃদ্ধি নিয়ে কথা বলছি, প্রবৃদ্ধিও হচ্ছে কিন্তু দেখার বিষয় এই প্রবৃদ্ধি দরিদ্র মানুষের কাছে পৌঁচ্ছাছে কি না৷
সাংসদ ঊষাতন তালুকদার বলেন, ‘ইংল্যান্ডে বা পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘ সময় ধরে বাজেট নিয়ে সংসদে আলোচনা হয় কিন্তু আমরা খুবই কম সময় পাই। যার কারণে আমরা আমাদের এলাকার মানুষের দাবি-দাওয়ার কথা তুলে ধরতে পারি না।’
জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, বাজেটের টাকা স্কুল কমিটি ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ব্যবহার হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় বিশাল পরিবর্তন দেখা যেত।
সংসদীয় ককাসের সহসভাপতি সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, অর্থমন্ত্রী আগে বাজেটে দুটি নতুন ধারণার সঙ্গে পরিচিত করেছিলেন। যেমন জেলা বাজেট এবং কৃষি িবমা ও কৃষক ক্লাব। কিন্তু অর্থমন্ত্রী মনে হয় তাঁর সেই ধারণা থেকে সরে আসছেন। যদি কৃষক ক্লাব প্রতিষ্ঠা করা যেত তাহলে ফড়িয়ারা পণ্যে ফরমালিন মেশাতে পারতেন না। অর্থমন্ত্রী মনে হয় জেলা বাজেটের ধারণা থেকেও সরে আসছেন। তিনি প্রথমদিকে জেলা বাজেট নিয়ে যে ধারণার সঙ্গে আমাদের পরিচিত করিয়েছিলেন, সেখান থেকেও আস্তে আস্তে সরে আসছেন৷