কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুল দেওয়া নিয়ে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে হট্টগোল হয়েছে। বিএনপিপন্থী শিক্ষকদের ‘নাম’ ঘোষণার পর ছাত্রলীগ ফুল দিলে এই হট্টগোলের সৃষ্টি হয়। ছবি: শহীদুজ্জামান সাগর
বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে হট্টগোল হয়েছে। বিএনপিপন্থী শিক্ষকদের ‘নাম’ ঘোষণার পর ছাত্রলীগ ফুল দিলে এই হট্টগোলের সৃষ্টি হয়। ছবি: শহীদুজ্জামান সাগর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপিপন্থী শিক্ষক ও ছাত্রলীগের মধ্যে হট্টগোল হয়েছে। বিএনপিপন্থী শিক্ষকদের ‘নাম’ ঘোষণার পর ছাত্রলীগ ফুল দিলে এই হট্টগোলের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগরে’ ফুল দিতে আয়োজক কমিটি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দলের’ নাম ঘোষণা করে। এ সময় সোনালী দলের শিক্ষকদের না যেতে দিয়ে ছাত্রলীগ ফুল দিতে যায়। এ নিয়ে আয়োজক কমিটি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বিএনপিপন্থী শিক্ষকদের কথা-কাটাকাটি হয়। পরে বিএনপিপন্থী শিক্ষকেরা ফুল না দিয়েই চলে যান।

সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. গোলাম মর্তুজার ভাষ্য, ‘আমাদের নাম ঘোষণার পর ছাত্রলীগ যখন ফুল দেয়, তখন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা একটি কথাও বলেননি।’

সোনালী দলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশেমের ভাষ্য, ছাত্রলীগ নামধারী ক্যাডাররা চার বছর ধরে ফুল দেওয়ার সময় কটূক্তি করে আসছে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় তারা এ ধরনের অসভ্য কাজ করছে।

এ ব্যাপারে আয়োজক কমিটির আহ্বায়ক ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক জহিরুল হক খন্দকার বলেন, ‘ছাত্রলীগ ওঠার সময় আমরা তাঁদের বলেছিলাম। এমনকি আমি প্রক্টরকেও বিষয়টি দেখার জন্য তাৎক্ষণিকভাবে বলি।’

এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খানের ভাষ্য, ‘যাঁরা রাজাকারদের সঙ্গে নিয়ে রাজনীতি করে মুক্তিযুদ্ধকে অবমাননা করেন, তাঁদের শহীদদের বেদিতে উঠে লোক দেখানো ফুল দেওয়া ছাত্রলীগ পছন্দ করে না। আর আওয়ামীপন্থী শিক্ষকদের পরে আমরা ফুল দেব, এ বিষয়টি ছাত্রবিষয়ক বিভাগকে আমরা গতকালই (সোমবার) জানিয়েছি।’ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামও একই কথা বলেন।