কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কৃষির উন্নয়নসহ জনগণের চাহিদা পূরণে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করার সময় তিনি এ আহ্বান জানান। খবর বাসসের। রাষ্ট্রপতি দক্ষিণাঞ্চলে লবণাক্ত এলাকার উপযোগী ধানের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল মান্নান। তাঁরা আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এ প্রস্তাবে সম্মতি জানান। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান: রাষ্ট্রপতি মো. জিলুর রহমান একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) একটি প্রতিনিধিদল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করে। এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার আবেদীন, উপাচার্য কারমেন জেড লামাগনা, কোষাধ্যক্ষ হাসানুল এ হাসান প্রতিনিধিদলে ছিলেন।