কৃষি বিশ্ববিদ্যালয়ে জাগরণের গান জাগিয়ে গেল শ্রোতাদের
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে হাজারও দর্শক-শ্রোতা উপভোগ করল জাগরণের গান। ‘জাগো বাঙালি জাগরণের গানে’ নামে গণসংগীতের সংকলন—জাগরণের গান-এর শিল্পীরা বাংলালিংক এবং প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় গতকাল শনিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। ময়মনসিংহে এ অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী জাগরণের গানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ময়মনসিংহবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিল। ঢাকা থেকে আসা জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীদের একের পর এক গান ও আবৃত্তির এবং নৃত্য তাদের উদ্দীপ্ত করে তোলে। বাকৃবি ও ময়মনসিংহ বন্ধুসভার শিল্পীদের সঙ্গে ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত পরিবেশনের সময় মিলনায়তনের সব দর্শক-শ্রোতা কণ্ঠ মেলায়। অনুষ্ঠানের শুরুতে বাকৃবি ও ময়মনসিংহ বন্ধুসভার শিল্পীরা জাগরণের বিভিন্ন গান পরিবেশন করেন। কানায় কানায় পূর্ণ মিলনায়তনে বিকেল চারটায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সাত্তার মণ্ডল জাগরণের গান-এর অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য দেন। পরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক এস এম বুলবুল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা আবুল খায়ের চৌধুরী, প্রক্টর মোহাম্মদ শামছুদ্দিন, বাকৃবি বন্ধুসভার উপদেষ্টা সহযোগী অধ্যাপক এ কে এম জাকির হোসেন, সহকারী অধ্যাপক মাহবুবুল প্রতীক সিদ্দিক, বাংলালিংকের জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা ইফতেখার আজম এবং জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের নির্বাহী সদস্য মোস্তফা তৌহিদ খান বক্তব্য দেন। বক্তারা স্বাধীনতাযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, সেসব যুদ্ধাপরাধীকে ধিক্কার জানিয়ে দ্রুত তাদের বিচার দাবি করেন। জাগরণের এসব গানে অনুপ্রাণিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবার প্রতি তাঁরা আহ্বান জানিয়ে বলেন, আজ এসব গান শুনে আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে এই ভেবে যে, আমাদের একটি গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস রয়েছে। আজও এসব গান আমাদের অনুপ্রাণিত করে। উপাচার্য বলেন, ‘জাগরণের গান শুনে আমরা মুগ্ধ। আগামী প্রজন্মও এসব গান শুনে অনুপ্রাণিত হবে।’ বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন এবং প্রথম আলোর বাকৃবি প্রতিনিধি মো. শরীফুল ইসলামের প্রাঞ্জল উপস্থাপনায় জাগরণের বিভিন্ন গান-সম্পর্কিত কুইজের উত্তর দিয়ে পাঁচজন শ্রোতা পুরস্কার হিসেবে জাগরণের গান-এর সিডি লাভ করেন। অনুষ্ঠানে একাত্তরের চিঠি থেকে আবৃত্তি করেন ঢাকা বন্ধুসভার কাজী সামিউল আজিজ, বাকৃবি সভার নাবিলাহ জালাল ও রোমানা আক্তার। বাকৃবি বন্ধুসভার মো. শাহাদুল ইসলাম, প্রিয়াংকা রায়, সাজ্জাত হোসেন, আফসানা খান মজলিশ, প্রসেনজিত্ সাহা, জুলেখা আক্তার, খন্দকার সাকিবুর রহমান, দিলরুবা হোসেন, এল কে খান একে একে গাইলেন ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’, ‘ও আমার দেশের মাটি’, ‘মাগো ভাবনা কেন’, ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘শোনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’সহ বিভিন্ন গান। এ সময় ময়মনসিংহ বন্ধুসভার শাহী সুলতানা, মোশারফ হোসেন ও মো. মাহমুদুন নবী একে একে পরিবেশন করেন ‘সোনা সোনা সোনা লোকে বলে সোনা’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘ও আমার বাংলা মা’ ও ‘কারার ঐ লৌহ কপাট’ গানগুলো। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় ছিল ‘পূর্ব আকাশে সূর্য উঠেছে’, ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান’, ‘যুদ্ধ নয় যুদ্ধ নয় তোলো আওয়াজ’, ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি ও বাঙালি’ গানগুলো। গানের ফাঁকে ফাঁকে তাদের পরিবেশিত নাচগুলোও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।