কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমে ব্যর্থ হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক ছাত্রীর ভাইকে মারধরের অভিযোগে পশুপালন অনুষদের ছাত্র মারুফ আহমেদকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিন ছাত্রের ছয় মাসের বৃত্তির টাকা কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২ এর এক ছাত্রীর সঙ্গে তাঁর সহপাঠী মারুফ আহমেদের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তী সময়ে ওই ছাত্রী মারুফকে এড়িয়ে চলতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ২৬ মে ক্যাম্পাসে ওই ছাত্রীর ভাইকে মারুফ ও তাঁর তিন বন্ধু মারধর করেন। এ ঘটনায় ওই ছাত্রী ও তাঁর ভাই ওই দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। সূত্র জানায়, ঘটনার তদন্ত করে মারুফকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও তাঁর তিন বন্ধুর ছয় মাসের বৃত্তি বাবদ প্রত্যেকের এক হাজার ২০০ টাকা করে কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাঁদের বৃত্তির টাকা কেটে নেওয়া হয়েছে তাঁরা হচ্ছেন: পশুপালন অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২ এর নূর মোহাম্মদ আলী, একই অনুষদের লেভেল-২, সেমিস্টার-২ এর মো. আনোয়ার পারভেজ এবং কৃষি অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২ এর শফিউল আলম। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু হাদী নূর আলী খান বলেন, বিশ্ববিদ্যালয়ের যে-ই অপরাধ করুক তাকে শাস্তি পেতে হবে। শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না।