
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের ঘটনায় ছয় ছাত্রকে গতকাল বুধবার বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাঁদের আজীবন বহিষ্কারের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠা ক্যাম্পাস গতকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিন্ডিকেট ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। সকাল ১০টায় সিন্ডিকেটের এ জরুরি সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক রফিকুল হক।
বহিষ্কৃত ছাত্ররা হলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অর্থসংস্থান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. রেজাউল করিম, মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী সুজয় কুমার কুণ্ডু ও রোকনুজ্জামান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী নাজমুল শাহাদাত ও দেওয়ান মুনতাকা মুফরাদ এবং পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর চৌধুরী। এর মধ্যে প্রথম তিনজনকে আজীবন, পরবর্তী দুজনকে চার বছর ও শেষের জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। রেজাউল করিম ছাত্রলীগের আশরাফুল হক হল শাখার যুগ্ম সম্পাদক এবং সুজয় ও নাজমুল সাংগঠনিক সম্পাদক।
তবে কয়েকজন শিক্ষার্থীকে শাস্তি দিয়ে প্রশাসন অন্য খুনিদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ এনে দুপুর ১২টার দিকে প্রশাসন ভবন অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। দেড়টার দিকে তাঁরা প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বিকেলে উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে যান।
শিক্ষক সমিতির নতুন আলটিমেটাম: বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তিন দফা দাবি বাস্তবায়নে আগামী সোমবার পর্যন্ত প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু হাদী নূর আলী খান। এ সময় পর্যন্ত শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা নেবেন না।
ময়নাতদন্ত প্রতিবেদন: সায়াদের ময়নাতদন্তের প্রতিবেদন সোমবার রাতে পুলিশের হাতে আসে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসা কর্মকর্তা আ ন ম আল মামুন জানান, সায়াদের মৃত্যু হয়েছে দীর্ঘ সময় ধরে বেধড়ক পিটুনি ও রক্তক্ষরণের কারণে। রড ও শক্ত কোনো কিছু দিয়ে দীর্ঘ সময় পিটুনিজনিত আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাঁর শরীরে। মাথার পেছনেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতে তাঁর যকৃত (লিভার) ফেটে যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগ নেতা রুস্তম আলী হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগের ডাকা টানা চার দিন ধর্মঘট শেষে গতকাল সকাল থেকেই বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হয়।
৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহ্রাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ হলে তাঁর নিজের কক্ষে গুলিতে নিহত হন।