কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আলী আকবর। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।
আগের উপাচার্য রফিকুল হক আন্দোলনের মুখে পদত্যাগ করায় পৌনে দুই মাস ধরে উপাচার্যের পদটি শূন্য ছিল। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে বিড়ম্বনাসহ বেশ কিছু সমস্যা হচ্ছিল।
প্রথম আলোর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিবালয়ে নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়কে ভালোভাবে চালিয়ে নিতে তিনি আপ্রাণ চেষ্টা করে যাবেন। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা চেয়েছেন।