কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার রাতে মারধর করেছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের নিকটবর্তী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের পার্শ্ববর্তী শেষ মোড়ে বন্ধুদের সঙ্গে খেতে যান কৃষি অনুষদের শেষ বর্ষ ও শহীদ নাজমুল আহসান হলের আবাসিক ছাত্র রিফাত আলম। খাওয়া শেষে হলে ফেরার সময় সাত-আটজন দুর্বৃত্ত রিফাতকে ডেকে নিয়ে মারধর করতে থাকে। এ সময় রিফাতের সঙ্গে থাকা বন্ধুদের অন্য দুর্বৃত্তরা আটকে রাখে। ২ নম্বর ফটকের কর্তব্যরত নিরাপত্তা-কর্মী ও আশপাশের লোকজন ঘটনাটি জানতে পেরে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে পাঠিয়ে দেন। এ সময় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা আহত রিফাতকে দেখতে হলে ছুটে যান। তাঁরা রিফাতকে চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
রিফাত বলেন, ‘ওই সময় বিদ্যুত্ না থাকায় কাউকে চিনতে পারিনি। তবে তারা আমার কাছে থাকা মুঠোফোন ও টাকা-পয়সা নেওয়ার চেষ্টা করেনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শহীদুর রহমান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে কোনো মহল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছি। তবে যারাই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট আব্দুল আউয়াল বলেন, হল প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।