কৃষি ব্যাংকের ক্যাশিয়ারসহ দুজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের নেত্রকোনা শাখা থেকে ৩০ লাখ টাকা উধাওয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া ক্যাশিয়ারসহ দুজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।কৃষি ব্যাংকের নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) রবিউল আলম জানান, গত রোববার দুপুরে সোনালী ব্যাংকের নেত্রকোনা শাখায় জমা দেওয়ার জন্য ক্যাশিয়ার রথিশ চন্দ্র মজুমদারের তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যাগে ভরে সংরক্ষিত রাখা হয়। এ সময় ব্যাংকের কর্মচারী প্রদীপ চন্দ্র সরকার টয়লেটে যান। এরপর টাকাভর্তি ব্যাগটি উধাও হয়ে যায়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ব্যাংক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ক্যাশিয়ার রথিশ চন্দ্র মজুমদার ও কর্মচারী প্রদীপ চন্দ্র সরকারকে আটক করে থানায় নিয়ে যায়। আরএম রবিউল আলম আরও বলেন, টাকা উধাওয়ের ঘটনায় ইতিমধ্যে ব্যাংকের ব্যবস্থাপক নরেন্দ্র চন্দ্র দেবনাথ বাদী হয়ে ক্যাশিয়ার রথিশ চন্দ্র মজুমদার ও কর্মচারী প্রদীপ চন্দ্র সরকারকে আসামি করে মামলা করেছেন। সেই সঙ্গে গতকাল তাঁদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।নেত্রকোনা মডেল থানার ওসি এ কে এম কাউসার বলেন, ওই দুজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে।