কৃষি ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ কৃষি ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপপরিচালক সেলিনা আখতার।

যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক এজহারুল হক ভুঁইয়া, ঢাকার স্থানীয় প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক অখিল চন্দ্র দত্ত, কুষ্টিয়ার স্থানীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক উত্তম কুমার কুন্ডু, ব্যাংকের মাইক্রোক্রেডিট বিভাগের উপমহাব্যবস্থাপক শহীদুল ইসলাম।

দুদক সূত্র জানায়, কৃষি ব্যাংকের এজিএম এজহারুল হক ভুঁইয়ার বিরুদ্ধে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সম্পত্তির জাল দলিল বন্ধক রেখে ঋণ জালিয়াতির মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। ক্ষমতার অপব্যবহার করে এজহারুল হকের ঋণ দেওয়ার অভিযোগের বিষয়ে ২০১৪ সালের জুলাই মাসে অনুসন্ধান শুরু করে দুদক।