কৃষি ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কৃষি ব্যাংকের বাদাঘাট শাখার ব্যবস্থাপক প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে ব্যবস্থাপক আবদুল মতিন চৌধুরীর অনুপস্থিতিতে বিষয়টির তদন্ত চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে বাদাঘাট শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল মতিন চৌধুরী। তাঁর বাড়ি হবিগঞ্জে। তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে নগদ ঋণ (ক্যাশ ক্রেডিট-সিসি) দিয়ে মঞ্জুরীকৃত টাকা থেকে কৌশলে এই টাকা আত্মসাৎ করেন। কখনো ঋণ গ্রহিতার স্বাক্ষর জাল করে টাকা তুলে নিয়েছেন। সর্বশেষ রেজাউল করিম নামের এক ব্যক্তি আট লাখ ৪০ হাজার টাকা সিসি নেন। তিনি ওই টাকা থেকে তিন লাখ টাকা তোলেন। এর কিছুদিন পর তিনি ব্যাংকে গিয়ে দেখেন যে তাঁর হিসাব নম্বর থেকে আরও চার লাখ টাকা তোলা হয়েছে।রেজাউল করিম ব্যবস্থাপক আবদুল মতিনের কাছে জানতে চাইলে তিনি (মতিন) নিজে ওই টাকা তুলেছেন বলে জানান। এরপর রেজাউল ক্ষব্ধ হলে তিনি টাকা ফেরত দিয়ে দেবেন বলে তাঁকে শান্ত করেন। এ সময় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর জন্য রেজাউলকে অনুরোধ করেন তিনি। কিন্তু রেজাউল ব্যাংকের টাকা পরিশোধ করে তাঁর হিসাবটি বন্ধ করে দিয়ে বিষয়টি কর্তৃপক্ষে জানান। পরে বিষয়টি জানাজানি হলে মতিন ছুটিতে গিয়ে উধাও হয়ে যান। ১০ দিন ধরে তাঁর কোনো খোঁজ নেই। কর্তৃপক্ষ তাঁকে না পেয়ে তদন্ত কমিটি গঠন করে। তাঁর অনুপস্থিতিতেই গত রোববার থেকে তদন্ত চলছে। তবে টাকা আত্মাসাতের বিষয়টি বার্ষিক হিসাব-নিকাশেও ধরা না পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।তদন্ত কমিটির সদস্য কৃষি ব্যাংক সুনামগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা ফয়জুর রহমান বলেন, ‘আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হলে কিছু বলা যাবে না।’