কৃষি ব্যাংকের মদন শাখার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের নেত্রকোনার মদন শাখার সাবেক দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক অরুণ কুমার ভট্টাচার্য ও দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) হাবিবুর রহমান বাঙ্গালী। সেই সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ঘটনা তদন্তে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল বুধবার থেকে ওই কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে।জানা গেছে, ভুয়া কাগজপত্রের মাধ্যমে কৃষিঋণের বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও এ-সংক্রান্ত দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে কৃষি ব্যাংকের মদন শাখার সাবেক ওই দুই কর্মকর্তাকে গত মঙ্গলবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সেই সঙ্গে তাঁদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার পাশাপাশি বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ না করারও নির্দেশ দেওয়া হয়ছে। এর আগে একই অভিযোগে তাঁদের অন্যত্র শাস্তিমূলক বদলি করা হয়েছিল। এর মধ্যে সাবেক ব্যবস্থাপক অরুণ কুমার ভট্টাচার্যকে জেলার পূর্বধলায় এবং হাবিবুর রহমান বাঙ্গালীকে জামালপুর জেলার মেলান্দহ শাখায় বদলি করা হয়। তাঁরা বর্তমানে সেখানে কর্মরত।ঘটনার সত্যতা নিশ্চিত করে কৃষি ব্যাংকের নেত্রকোনার আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) রবিউল আলম প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার ব্যাংকের ময়মনসিংহের বিভাগীয় মহাব্যবস্থাপক (জিএম) লুৎফুর রহমানের নির্দেশে অরুণ কুমার ও হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে অবস্থান ও বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, এ ঘটনা তদন্তের জন্য ইতিমধ্যে ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নীল কমল সাহাকে প্রধান করে ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স স্কোয়াড ও ব্যবসায় উন্নয়ন সেলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মতিয়ার রহমানকে নিয়ে সাত সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল থেকে ওই কমিটি তদন্তকাজ শুরু করেছে।