কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ কৃষি ব্যাংকের মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার শাখায় শস্যগুদাম ঋণ কর্মসূচির প্রায় চার কোটি টাকা জালিয়াতির ঘটনায় শাখা ব্যবস্থাপক শ্যামল কুমার বিশ্বাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাগুরা সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারাহ্ মামুনের আদালতে গতকাল বৃহস্পতিবার ওই মামলা করেন ভুক্তভোগী আট কৃষক। তাঁরা হলেন: জাহাঙ্গীর আলম, মোকাদ্দেস হোসেন, সোনাউল্লাহ, নিখিল কুণ্ডু, কামাল মিয়া, আবদুল আজিজ, মুজিবর রহমান ও লিয়াকত মোল্লা। আদালত সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন: শস্যগুদাম ঋণ কমিটির সভাপতি আবদুস সালাম, প্রকল্প ব্যবস্থাপক হেলাল উদ্দিন, গুদামরক্ষক সাখাওয়াত হোসেন, ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম, অশোক বিশ্বাস, আশরাফুল মুন্সী, খন্দকার সাজেদুল আলাম, মো. আছমত আলী ও মিজানুর রহমান।
মামলার আরজিতে বলা হয়, কৃষি ব্যাংকের ওই শাখায় শস্যগুদাম ঋণ কর্মসূচির আওতায় ভুয়া কৃষক তালিকা করে ভুক্তভোগী কৃষকসহ আরও অনেকের নামে ৭০ থেকে ৮০ হাজার টাকা করে ঋণ তোলা হয়েছে। কিন্তু তাঁরা ওই ঋণ সম্পর্কে কিছুই জানেন না।
ব্যাংকের আঞ্চলিক সহকারী মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ‘ওই মামলার বিষয়ে আমি কিছু শুনিনি। তবে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে।’