চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিষ্ঠান ইমাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ আলী রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০১ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আর এ কাজে সহায়তা করেছেন ওই ব্যাংকেরই ২৩ কর্মকর্তা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসে। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে কৃষি ব্যাংকের এই অর্থ আত্মসাতের জন্য মামলার সুপারিশ করেছে দুদকের অনুসন্ধানী দল। ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ছয়জন অবসরে গেছেন, একজন সোশ্যাল ইসলামী ব্যাংকে চলে গেছেন। বাকি ১৬ জন এখনো কৃষি ব্যাংকে কর্মরত।
অবশ্য ৯৬ কোটি টাকার ১৫টি চেক প্রতারণার অভিযোগে ইমাম গ্রুপের বিরুদ্ধে ২০১৩ সালেই ১৫টি মামলা করেছিল কৃষি ব্যাংক। মামলাগুলো চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারাধীন।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ইমাম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনিকা এন্টারপ্রাইজের নামে কৃষি ব্যাংকের চট্টগ্রাম ষোলশহর শাখা থেকে মোট ৯৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়। প্রথম দফা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করা সত্ত্বেও আরও তিনবার এ ঋণ নবায়ন ও মঞ্জুর করা হয়। ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ২৫ আগস্ট পর্যন্ত চার দফায় এসব ঋণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্য আমদানি করত। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, ঋণ দেওয়ার প্রক্রিয়াতেই গলদ ছিল। প্রতিষ্ঠিত ও পরীক্ষিত গ্রাহকের ক্ষেত্রে বিশ্বাসের ভিত্তিতে ঋণ (এলটিআর) দেওয়ার সুযোগ থাকলেও আনিকা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠিত ছিল না। প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ আলী কৃষি ব্যাংকের পূর্বপরিচিত গ্রাহকও ছিলেন না। তিনি ২০০৮ সালের ২০ মার্চ ব্যাংকটির ষোলশহর শাখায় চলতি হিসাব খোলেন। হিসাব খোলার দিনই ৭০ কোটি টাকার ঋণপত্র (এলসি), ৫০ কোটি টাকার এলটিআর (লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট) ও ১০ কোটি টাকার সিসি ঋণ মঞ্জুরের আবেদন করেন মোহাম্মদ আলী।
অনুসন্ধানে দুদক আরও দেখেছে, ষোলশহর শাখা থেকে মোহাম্মদ আলীকে প্রচুর ধনসম্পদের মালিক উল্লেখ করে ঋণপ্রস্তাব পাঠালেও তাঁর সম্পত্তির বিবরণ ও মূল্য উল্লেখ ছিল না। তার পরও ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ঋণপ্রস্তাব অনুমোদন পায়। প্রথম দফা ঋণ মঞ্জুরের পর আরও তিন দফা ঋণ মঞ্জুর ও নবায়ন করা হয়। প্রথম দফায় ঋণ মঞ্জুর করা হয় ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে ৩১ কোটি ৪১ লাখ পরিশোধ করা হয়নি। পরবর্তী সময়ে ঋণ নবায়নের পর ওই ঋণ সমন্বয় করা হয়। ২০১০ সালের ১৮ মার্চ মঞ্জুর করা ঋণের মধ্যে ১০ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করেননি মোহাম্মদ আলী। এর পরও ২০১০ সালের ২৯ জুন আনিকা এন্টাপ্রাইজের ঋণপত্র বা এলসি সীমা বাড়িয়ে ৮০ কোটি টাকা ও এলটিআর সীমা বাড়িয়ে ৬০ কোটি টাকা করা হয়। এ ঋণ পরিশোধের মেয়াদ ছিল ২০১১ সালের ২৮ জুন। কিন্তু প্রায় ৫০ কোটি টাকা আজও পরিশোধ করা হয়নি। তেমনি ২০১০ সালে ২৫ আগস্ট মঞ্জুরিকৃত ঋণের সাড়ে ৪১ কোটি টাকা পরিশোধ করা হয়নি।
আবার এসব ঋণের বিপরীতে জামানত হিসেবে সম্পদ বন্ধক রাখা হয় মাত্র তিন কোটি ৩২ লাখ টাকার ৪ দশমিক ২১৮৩ একর জমি। এ জমির মধ্যে দুই একর জমি মোহাম্মদ আলীর নামে নামজারি করা নেই।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ঋণ মঞ্জুরের পর মঞ্জুরিপত্রের একাধিক শর্ত মানেনি ব্যাংক। পণ্যের বিমা করা হয়নি। এলটিআরের আওতায় পণ্যের আমদানি ও ব্যবহার নিশ্চিত করার জন্য শাখার কাউকেই দায়িত্ব দেওয়া হয়নি। পরিদর্শন করে কোনো প্রতিবেদনও তৈরি করেনি ব্যাংক। বর্তমানে কোনো পণ্যেরই মজুত নেই।
যোগাযোগ করা হলে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘লোকসানে আছি, তাই সময়মতো টাকা পরিশোধ করতে পারিনি। বাজার খারাপ হওয়ায় জমিজমাও বিক্রি করতে পারছি না। টাকা ফেরত দিয়ে দেব।’ ব্যাংক মামলা করার পরও গত সপ্তাহে আট একর জমি নতুন করে ব্যাংককে বন্ধক দিয়েছেন বলেও তিনি দাবি করেন।
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মোখতার হোসেন ব্যাংকের নির্বাহী প্রধান হিসেবে ঋণ অনুমোদনের বিষয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগের বিষয়ে জানতে মোখতার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবসরের পর তিনি দেশের বাইরে থাকছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। প্রথম দফা ঋণ দেওয়ার সময় ষোলশহরের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত এস কে এস মুরশেদ প্রথম আলোকে বলেন, যথাযথ প্রক্রিয়া মেনেই আনিকা এন্টারপ্রাইজকে ঋণ দেওয়া হয়েছিল। পুরোনো গ্রাহক না হলেও ইমাম গ্রুপ চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান। করপোরেট গ্রাহক হিসেবে বিভিন্ন ব্যাংক থেকেই তারা ঋণ নিয়েছে। এ ছাড়া প্রথম দফার ঋণ আনিকা এন্টারপ্রাইজ শোধ করেছে বলেও তিনি দাবি করেন।
পরবর্তী ঋণ নবায়নের সময় শাখা ব্যবস্থাপক ছিলেন এ এইচ এম গোলাম কিবরিয়া খান। পরে চেক প্রতারণার মামলাগুলোর বাদীও তিনি। প্রথম আলোকে বলেন, ‘এটি প্রচলিত সিসি বা বন্ধকি ঋণ নয়। বিশ্বাসের ভিত্তিতে ঋণ দেওয়া হয়েছিল, জামানতের বিপরীতে নয়। টাকা ফেরত পাওয়ার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া যায়, সব করেছি। তাঁদের সহায়তার প্রশ্নই ওঠে না।’
জানা গেছে, সোনালী ব্যাংক, ইউসিবিএল, আইএফআইসি, প্রাইম, ব্যাংক এশিয়া ও প্রাইম ব্যাংক থেকেও জামানতবিহীন ঋণ নিয়ে সেগুলো পরিশোধ করেননি মোহাম্মদ আলী। সেগুলোর পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা হবে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। উল্লেখ্য, ১৩০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে মোহাম্মদ আলীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে সব মিলিয়ে ৩২টি মামলা বিচারাধীন রয়েছে।