কৃষি ভর্তুকি ক্ষুদ্র কৃষকের হাতে পৌঁছাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শেনগেন ফান
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শেনগেন ফান

সরকারের কৃষি ভর্তুকি ক্ষুদ্র কৃষকদের হাতে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন খাদ্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) মহাপরিচালক শেনগেন ফান। খাদ্যের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ খর্বাকৃতি শিশুর সংখ্যা কমানো এবং অপুষ্টি দূর করা।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইফপ্রির মহাপরিচালক এসব কথা বলেন। এ সময় ইফপ্রির ব্যবসা উন্নয়ন ও সহযোগিতা বিভাগের প্রধান তিউনিস ভ্যান রিহনেন ও ইফপ্রি বাংলাদেশের প্রধান নির্বাহী আখতার আহমেদ বক্তব্য দেন।
ইফপ্রির মহাপরিচালক বাংলাদেশের কৃষি উন্নয়নে সাফল্যের প্রশংসা করে বলেন, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার অনেক দেশ বাংলাদেশের কৃষি উন্নয়নের পথ অনুসরণ করছে। তবে বাংলাদেশে অপুষ্টি দূর করতে শুধু ধান ও গম উৎপাদনের ওপর নির্ভর করে থাকলে হবে না। সবজি ও মাছ উৎপাদন এবং গবাদিপশু পালনের দিকে মনোযোগ দিতে হবে।
বাংলাদেশ ২০১১-১২ সালে ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর দুই বছর ধরে আবার চাল আমদানি বেড়েছে। আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীলতার কোনো প্রভাব দেশের কৃষি অর্থনীতির ওপর পড়বে কি না—এ প্রশ্নে শেনগেন ফান বলেন, চাল আমদানি করা খারাপ কিছু নয়। বাংলাদেশ যদি অল্প দামে চাল আমদানি করে আর ধানের জমিতে সবজি চাষ করে তা রপ্তানি করে বেশি আয় করে, তাহলে খারাপ কী।
এ প্রসঙ্গে আখতার আহমেদ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের ৭৭ শতাংশ ক্যালরি ও ৫০ শতাংশ প্রোটিন আসে ভাত থেকে। কিন্তু বাংলাদেশের মানুষের গড় উচ্চতা বাড়াতে হলে ও অপুষ্টি দূর করতে হলে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে চাল ছাড়াও অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হবে।
ইফপ্রির যোগাযোগ বিশেষজ্ঞ শফিকুল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।