কৃষি যন্ত্রপাতি রপ্তানিতে বেলারুশের আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক্টরসহ বিভিন্ন কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বেলারুশ। দেশটিতে সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে ১৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দেশটির কর্তৃপক্ষ এই আগ্রহের কথা জানায়। বেলারুশ সরকারের আমন্ত্রণে ২১ জুলাই থেকে ওই প্রতিনিধিদলটি সেখানে অবস্থান করছে। দলটি বেলারুশের বিশ্বখ্যাত ট্রাক্টরসহ কৃষি যন্ত্রপাতি এবং ট্রাক ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি উৎপাদন কারখানা পরিদর্শন করে। এ সময় দলের সদস্যরা এসব যন্ত্রপাতি আমদানির বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেলারুশের পক্ষে ফেডর চাক বাংলাদেশের বাজারে দেশটিতে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি রপ্তানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। শিল্পমন্ত্রী ২২ জুলাই বেলারুশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্য বেলারুশ আমদানি করতে পারে এবং এসব খাতে বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি