ঢাকা ও মিনস্ক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কৃষি, শিল্প উৎপাদন, বিজ্ঞান ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।গতকাল মঙ্গলবার যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত দুই দশকে দ্বিপক্ষীয় যোগাযোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোভিচ বলেন, গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি। খবর বাসসের।বাংলাদেশে বেলারুশের প্রধানমন্ত্রীর তিন দিনের সরকারি সফর শেষে গতকাল এই যৌথ বিবৃতি দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় মিয়াসনিকোভিচ ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিকেল পাঁচটা ৫০ মিনিটে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বেলারুশের প্রধানমন্ত্রী গত রোববার ঢাকায় আসেন। শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর শিল্প, কৃষি, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতাসহ সাতটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় পক্ষ দুই দেশের মধ্যে গভীর জ্ঞানভিত্তিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। বাংলাদেশ কৃষি ও শিল্প উৎপাদন, বিজ্ঞানভিত্তিক উদ্যোগ, শিক্ষা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতায় বেলারুশের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।উভয় পক্ষ দৃঢ়তার সঙ্গে জানায়, দুই দেশের মধ্যে শিল্প খাতে সহযোগিতার ক্ষেত্রে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশে বেলারুশের ট্রাক্টর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে দেখবে। এ ছাড়া কৃষি যন্ত্রপাতি, আলু ও দুগ্ধ প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপনের প্রক্রিয়া যাচাই করে দেখা হবে।উভয় দেশ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশ থেকে বস্ত্র, পাটের সুতা, টোব্যাকো, মৎস্য ও অন্যান্য পণ্য বেলারুশে রপ্তানি করার সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে।দুই দেশই বাংলাদেশে পটাশিয়াম সার, ট্রাক্টর ও অন্যান্য যন্ত্রপাতিতে সহযোগিতা প্রশ্নে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। দুই দেশই বেলারুশে যৌথ উদ্যোগে ওষুধ শিল্পকারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে দেখতে সম্মত হয়েছে।বাংলাদেশ ও বেলারুশ স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নে বেসরকারি খাত ও অন্যান্য বেসরকারি সংস্থার সম্পৃক্তকরণসহ আন্ত খাত পর্যায়ে আলোচনা করতে সম্মত হয়েছে। দুই নেতা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় অব্যাহত সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন এবং জাতিসংঘ সনদে তাঁদের আস্থা পুনর্ব্যক্ত করেন।বেলারুশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ২০১৩ সালে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, মিয়াসনিকোভিচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন বেলারুশ, ক্রিয়েশন অব ইনোভেটিভ ইকোনমি: ভিউ টু দ্য ট্রান্সফরমেশনাল প্রসেস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন বেলারুশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেলারুশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে দ্বিপক্ষীয় প্রকল্প নিতে হবে। বেলারুশের প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রতিষ্ঠিত পরমাণু প্রকৌশল বিভাগের উন্নয়নে বেলারুশ সব ধরনের সহযোগিতা দেবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমেদ, সহ-উপাচার্য (প্রশাসন) শহিদ আখতার হোসেন, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন ও রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।এদিকে আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, বেলারুশের প্রধানমন্ত্রী গতকাল বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করেন। তাঁকে কারখানার সামগ্রিক উৎপাদন ও মান নিয়ন্ত্রণ সম্পর্কে জানানো হয়।