বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। যৌথ প্রশিক্ষণ দিয়ে কৃষিশ্রমিকদের সেখানে পাঠানো হবে। এ ছাড়া কানাডায় বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা ৪০ শতাংশ বাড়বে।শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। মেক্সিকো, কানাডা ও সুইজারল্যান্ড সফর শেষে তিনি দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সংবাদ সম্মেলন করেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব জাফর আহমেদ খান এবং শ্রমসচিব নুরুল হক এ সময় উপস্থিত ছিলেন।শ্রমমন্ত্রী বলেন, কানাডার সাসকাচুয়ান প্রদেশের প্রধান বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী বছরের জানুয়ারিতে ওই প্রদেশের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তখন বিষয়টি চূড়ান্ত হবে। তিনি জানান, কানাডায় কৃষিশ্রমিক পাঠানোর আগে বাছাই করা হবে। এরপর যৌথ প্রশিক্ষণ দিয়ে তাঁদের পাঠানো হবে। খন্দকার মোশাররফ ৮ থেকে ১১ নভেম্বর মেক্সিকোতে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) মন্ত্রিপর্যায়ের সম্মেলনে যোগ দেন। ১২ থেকে ১৪ নভেম্বর তিনি কানাডা সফর করেন। এরপর ১৬ থেকে ১৯ নভেম্বর তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের ৩০৯তম সভায় যোগ দেন।মন্ত্রী জানান, বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের অধিকার—এসব বিষয় নিয়ে মেক্সিকো ও জেনেভায় আলোচনা হয়েছে। এসব সম্মেলনে শ্রমিকদের শোভন কাজ এবং তাঁদের সামাজিক নিরাপত্তা নিয়ে কথা হয়। তিনি বলেন, শ্রমিকেরা যে দেশে থাকবেন, তাঁদের নিরাপত্তা দেওয়া ওই দেশের কর্তব্য। মেক্সিকোর বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয়েছে।