কৃষি সম্প্রসারণে আইসিটির ভূমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ জুন ২০১৫ প্রথম আলোর আয়োজনে ‘কৃষি সম্প্রসারণে আইসিটির ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো
সূত্র: অরগকোয়েস্ট জরিপ ২০১৩, ক্যাটালিস্ট
সূত্র: অরগকোয়েস্ট জরিপ ২০১৩, ক্যাটালিস্ট

আলোচনা

আব্দুল কাইয়ুম
আগের দিনে কৃষকেরা অভিজ্ঞতার ওপর নির্ভর করতেন। কৃষি-সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যের অভাবে বিভিন্ন সমস্যায় পড়তেন। কৃষকেরা তাঁদের ফসল, হাঁস-মুরগির খামার ও মৎস্যসম্পদের বিভিন্ন রোগ–বিষয়ক তথ্য না পাওয়ায় ক্ষতির সম্মুখীন হতেন। এসব রোগের দ্রুত সমাধান সব সময় পাওয়া যেত না। কিন্তু এখন কৃষিক্ষেত্রে দেশ অনেক এগিয়েছে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। তবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) আরও ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে কৃষিব্যবস্থার অনেক উন্নয়ন ঘটেছে।

এখন মুঠো​েফান, কম্পিউটার ও বৈজ্ঞানিক আবিষ্কার কৃষির উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে। কৃষিতে তথ্যপ্রযুক্তি নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। এসব আজকের আলোচনার বিষয়। এখন আলোচনা করবেন শেখ হেমায়েত হোসেন  

শেখ হেমায়েত হোসেন

শেখ হেমায়েত হোসেন
শেখ হেমায়েত হোসেন

বাংলাদেশের সব ধরনের কৃষকের জন্য আমরা কাজ করি। তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে চাই। এ জন্য আমাদের ১২ হাজার মাঠকর্মী ও তিন হাজার ক্যাডার অফিসার কৃষককে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। কৃষকের কাছে পৌঁছানোর নেটওয়ার্ক আমাদের আছে। কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পরামর্শ দেন। কোনো একটি বিশেষ জায়গায় জড়ো করে কৃষকদের পরামর্শ দেন। ব্যানার-ফেস্টুনের মাধ্যমে কৃষকদের সচেতন করা হয়। কৃষিমেলা করা হয়। এভাবে কৃষকদের জন্য কাজ করে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ বিভাগে এখন ২৮টি প্রকল্প চলছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কৃষকদের দিচ্ছি।
আমাদের  সমন্বিত ফসল ও রোগবালাই ব্যবস্থাপনার (আইপিএম ও আইসিএম)  জন্য ২২ হাজার ক্লাব আছে। এর মধ্যমে কৃষি-সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ থেকে কৃষকেরা ভালো বীজ সংগ্রহ, পরিমিত সার ব্যবহার, ওষুধের ব্যবহার কমানো ও নিরাপদ খাদ্যের ব্যাপারে প্রশিক্ষণ পেয়ে থাকেন।
জাতীয় কৃষিপ্রযুক্তি প্রকল্পের অধীনে ৭৫০টি কমিউনিটি ইনফরমেশন গ্রুপ আছে। প্রতি গ্রুপে ২০ জন করে সদস্য। মোট ১৫ হাজার প্রশিক্ষিত সদস্য কাজ করছেন। তাঁদের কাছ থেকে কৃষকেরা বিভিন্ন সমস্যার সমাধান নেন। কোনো সমস্যা তাঁদের জানা না থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তার সহায়তায় সমস্যার সমাধান করার ব্যবস্থা আছে।
আমাদের একটি প্রক​েল্পর অধীনে ৭৫০টি কৃষক পরামর্শকেন্দ্র আ​ে​ছ। এসব কেন্দ্রে কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ আছে।  এখানে কৃষি কর্মকর্তা ও লাইভস্টক কর্মকর্তা আছেন। তাঁরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

 মোহাম্মদ সাকিব খালেদ

মোহাম্মদ সাকিব খালেদ
মোহাম্মদ সাকিব খালেদ

বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে অধিকাংশ পরিবার কৃষির ওপর নির্ভরশীল। কৃষি তাদের প্রধান আয়ের উৎসও। কৃষক এমন জায়গা থেকে কৃষিতথ্য পেতে চান, যার ওপর তিনি আস্থা রাখতে পারেন। প্রায় ৬০ শতাংশের বেশি কৃষক তাঁদের তথ্যের জন্য নির্ভর করেন সরকারের উপসহকারী কৃষি অফিসারের ওপর। কিন্তু দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা লাখ লাখ কৃষককে সরকারের কৃষি অফিসারদের একার পক্ষে সেবা দেওয়া কষ্টসাধ্য। এ ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কৃষি তথ্যপ্রযুক্তির মাধ্যমে এখন দেশের প্রায় সব কৃষককে সেবা দেওয়া সম্ভব। সম্প্রতি ক্যাটালিস্টের এক গবেষণায় দেখা গেছে, দেশের ৮৪ শতাংশ কৃষক মুঠোফোন ব্যবহার করেন। এর মাধ্যমে কৃষকদের কাছে পর্যাপ্ত তথ্য পৌঁছানো সম্ভব।
আলোচনায় ​মুঠোফোনের প্রতি মিনিটে কিছুটা বেশি খরচের বিষয়টি এসেছে। আসলে একটি মুঠোফোনসেবাকেন্দ্রের সঙ্গে আরও অনেক বিভাগ কাজ করে। এ ক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্ট সবাই একসঙ্গে  কাজ করলে খরচ কমে আসবে। ক্যাটালিস্ট ২০০৩ সাল থেকে কয়েকটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কৃষকদের কৃষিতথে্যর সেবা দিচ্ছে। ক্যাটালিস্ট গ্রামীণফোনের সঙ্গে ৫০০ গ্রামীণফোন কমিউনিটি  ইনফরমেশনের মাধ্যমে কৃষকদের সেবা দিচ্ছে।
বাংলালিংকের সঙ্গে ৭৬৭৬ জিজ্ঞাসা নামে কল সেন্টারের  মাধ্যমে কৃষকদের কৃষিতথ্যের সেবা দিচ্ছে। কেবল টেলিকম কোম্পানি নয়, ক্যাটালিস্ট সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে, যাতে দরিদ্র কৃষকদের কম খরচে তথ্যসেবা দেওয়া যায়।

নাফিয়া হুসেইন

নাফিয়া হুসেইন
নাফিয়া হুসেইন

ক্যাটলিস্ট বা​িণজ্য মন্ত্রালয়ের একটি ‘মার্কেট ডেভেলপমেন্ট’ প্রকল্প। কৃষকের দারিদ্র৵ বিমোচনের লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন প্রাইভেট ও পাবলিক খাতের সঙ্গে কাজ করে থাকি। আমাদের দাতাগোষ্ঠীর মধ্যে রয়েছে ইউকেএইড, এসডিসি ও ডানিডা। ক্যাটালিস্ট ২০০০ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। আমরা মাছ, ভুট্টা, শাকসবজিসহ ছয়টি খাতে কাজ করছি। এ ছাড়াও রয়েছে  নারীর ক্ষমতায়ন, স্থানীয় কৃষি নেটওয়ার্ক ও ইনফরমেশন চ্যানেল। বিভিন্ন উৎস থেকে কৃষকের কৃষিতথ্য পাওয়ার সুযোগ রয়েছে। তবে সরকারের কৃষি অফিসারের দেওয়া তথ্যের ওপর কৃষকের আস্থা সবচেয়ে বেশি। সরকারের ১২ হাজার কৃষি অফিসার আছেন। তাঁদের পক্ষে ১৬ মিলিয়ন কৃষি পরিবারকে তথ্যসেবা দেওয়া একটা চ্যালেঞ্জ।
এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ভূমিকা রাখতে পারে। এ চিন্তাধারার পরিপ্রেক্ষিতে আমরা টেলিকম কোম্পানির সঙ্গে  যুক্ত হয়েছি,  যাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কৃষকের দোরগোড়ায় তথ্য নিয়ে যেতে পারি। আমরা ২০০৪ সালে গ্রামীণ তথ্যকেন্দ্রের মাধ্যমে যাত্রা শুরু করি। ২০০৬ সালে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারভিত্তিত ​িজপিসিআইসির (গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টার) কাজ শুরু করি।
এসব টেলিসেন্টার থেকে গ্রামীণ জনগোষ্ঠী ই–মেইল,  কৃষিসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তির সেবা পেয়েছে। ২০১০ সাল পর্যন্ত ৫০০টি ​িজপিসিআইসির সঙ্গে জড়িত ছিলাম। এরপর বাংলালিংকের সঙ্গে আমরা নিয়ে আসি দেশের প্রথম বাংলালিংক কৃষি জিজ্ঞাসা ৭৬৭৬ কল সেন্টার। কৃষি–বিষয়ক ৩০০টি তথ্য নিয়ে এই কল সেন্টারের যাত্রা শুরু হয়। এ যাত্রায় আমাদের সঙ্গে ছিল উইন ইনকরপোরেট। তাদের সহযোগিতায় তথ্যকে সহজ–সরলভাবে উপস্থাপনের জন্য সফটওয়্যার তৈরি করি। ২০১২ সালের শেষে আবার গ্রামীণফোনের সঙ্গে তৈরি হয় ‘গ্রামীণফোন কৃষিতথ্য সেবা ২৭৬৭৬’। কৃষিতথ্যকে হালনাগাদ রাখার জন্য ২০১৪ সালে একটি মডের তেরি করি। এর ফলে বাংলালিংক ৭৬৭৬ জিজ্ঞাসা কল সেন্টারের তথ্য আরও উন্নত হয়। ব্যাক্তি খাতের পাশাপাশি সরকারের সঙ্গেও আমরা কাজ করি।

সরকারের মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে জমিতে সার ব্যবহারের জন্য একটি সফটওয়্যার তৈরি করেছি। এর  মাধ্যমে কী পরিমাণ সার ব্যবহার করা প্রয়োজন, কৃষক সেটা জানতে পারেন। প্রায় সাড়ে সাত লাখ কৃষক এ সফটওয়্যার ব্যবহার করে লাভবান হন।

জালাল হোসেন

জালাল হোসেন
জালাল হোসেন

শুরু থেকেই বাংলালিংকের উদ্দেশ্য ছিল কল্যাণমুখী। ২০০৫ সালে আমরা বাজারে আসি। বাজারে আসার পর বাংলাদেশে মুঠোফোনের কলরেট কমতে থাকে। আমরা সব সময় চেয়েছি কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছান যায়। সেই ভাবনা থেকেই ক্যাটালিস্টের উদ্যোগের সঙ্গে যুক্ত হই। বাংলালিংক কৃষি জিজ্ঞাসা ৭৬৭৬ হেল্প লাইনের মাধ্যমে আমরা কৃষকদের কৃষিতথ্য দিয়ে সেবা দিই। মাসে প্রায় ২৫ হাজার কৃষককে এ সার্ভিসের মাধ্যমে সেবা দিয়ে থাকি।
বাংলাদেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এ হেল্প লাইন কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সাধারণভাবে মনে হয় বাংলালিংক কৃষি জিজ্ঞাসা ৭৬৭৬ নম্বরের কল রেট বেশি। কিন্তু এর উপকারিতা ও অন্যান্য দিক চিন্তা করলে এ কল রেট খুব বেশি মনে হবে না। এ সেবা এত সাড়া ফেলেছিল যে এটি একটি আন্তর্জাতিক পুরস্কার আনতে সক্ষম হয়েছিল।
কৃষি অধিদপ্তরের কৃষিতথ্য সেবাকেন্দ্রকে আমরা একটা পোর্টাল দিই। এ পোর্টালের মাধ্যমে কৃষি উপসহকারী কর্মকর্তারা কোনো তথ্যের গুরুত্বপূর্ণ অংশ একসঙ্গে অনেক কৃষককে খুদে বার্তার মাধ্যমে জানাতে পারেন। এ সেবা এখনো চলছে। ২০১১ সালে ২৪৭৪ নম্বরের আরেকটি সেবা চালু করি। এর মাধ্যমে কৃষকেরা সঠিক বাজারমূল্যে, কোথায় পণ্য বিক্রি করবেন ও কোথা থেকে কিনবেন, সেটা জানতে পারেন। এ নম্বরে ফোন করে দেশের বিভিন্ন বড় বাজারের পাইকারি দাম তিনি শুনতে পারেন।
চ্যানেল আইয়ে একটি কৃষি সংবাদ হয়। এই সংবাদ যেন কৃষক একটি নির্দিষ্ট নম্বরে ডায়াল করে যেকোনো সময় শুনতে পান, সে জন্য চ্যানেল আইয়ের সঙ্গে ২০১২ সালে একটি উদ্যোগ গ্রহণ করি। এভাবে কৃষককে আমরা সেবা দিয়ে যাচ্ছি।

মোহাম্মদ মুনতাসির হোসেন

মোহাম্মদ মুনতাসির হোসেন
মোহাম্মদ মুনতাসির হোসেন

এই মুহূর্তে গ্রামীণফোনের ২৭৬৭৬ নম্বরের সেবাটি চালু ​রয়েছে। এখনো খুব বেশি কিছু করতে পেরেছি সেটা বলব না। মাসে প্রায় পাঁচ হাজারের মতো কল পাই। তবে কৃষকদের আরও সচেতন করতে হবে। তাহলে কলের পরিমাণ বেশি হবে বলে মনে করি। আমরা কতখানি মানসম্পন্ন তথ্য দিতে পারছি, সেটিও আমাদের ভাবতে হবে।
কৃষককে সচেতন করা ও মানসম্পন্ন তথ্য সরবরাহ করা—এ দুটি কাজ করতে পারলে তথ্য সরবরাহের প্রসার বাড়বে।  বড় মোবাইল অপারেটর হিসেবে আমরা বাংলাদেশের উন্নয়নে তিনটি ক্ষেত্রে কাজ করছি—শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি।
বাংলাদেশে কৃষি একটা বড় খাত। আমরা বিশ্বাস করি যে এখানে আমাদের কিছু করতে হবে। দেশে দিন দিন মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে। আমরা চিন্তা করতে শুরু করেছি কীভাবে ভবিষ্যতে মোবাইলের মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করা যায়।
মুঠোফোনে কৃষিসেবা আমাদের কৃষকদের জন্য একটি নতুন ধারণা। তাঁদের জন্য ভয়েস বেজড (কণ্ঠস্বরনির্ভর) সেবা খুব উপকারী। আমাদের কৃষকের জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি ডিজিটাল মাধ্যম বের করতে হবে, যেটা তাঁরা সহজে ব্যবহার করতে পারেন।
আমরা আগামী তিন বছরের মধ্যে পাঁচ কোটি গ্রাহককে ইন্টারনেটের আওতায় আনতে চাই। এত বিশাল গ্রাহককে ইন্টারনেটের আওতায় আনতে হলে কৃষকদেরও এর মধ্যে আনতে হবে। তাই ভায়েস বেজড সার্ভিসের পাশাপাশি ইন্টারনেটের আওতায় কৃষককে আনতে হবে। আমরা কী ভাবছি, তাতে কিছুই আসে–যায় না। ভবিষ্যতে আমাদের কৃষকদের ভাবনাকে মাথায় রেখে সফটওয়্যার ডিজাইন করতে হবে। গ্রামীণফোন সে লক্ষ্যে কাজ করছে।

সুমাইয়া সাদিয়া রায়হান

সুমাইয়া সাদিয়া রায়হান
সুমাইয়া সাদিয়া রায়হান

কী তথ্য কৃষককে দেওয়া হবে,  কোন ফসলের জন্য কী তথ্য তাঁর প্রয়োজন, এসব ঠিক করবে সরকারের কৃষিসংশ্লিষ্ট বিভাগ। কারণ, তাদের থেকে কৃষি–বিষয়ক অভিজ্ঞতা অন্য কারও বেশি নেই। আমরা শুধু  প্রযুক্তিগত সমাধান দিতে পারি। অর্থাৎ, কীভাবে কৃষকের কাছে তথ্য দিলে সহজভাবে বুঝতে পারবেন, তথ্যকে কাজে লাগাতে পারবেন, সেটা আমরা দেখব। কৃষকদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে কাজ করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা, তা হলো কৃষক মুঠোফোনের তথ্যের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছেন না। সাধারণত মূল্য-সংক্রান্ত পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না। আবার তথ্য যা পান, তা কাজে লাগাতে পারছেন না।
কৃষকদের জন্য কল সেন্টার–ভিত্তিক সমাধান খুব ভালো। কিন্তু বাংলাদেশের লাখ লাখ কৃষককে কল সেন্টার–ভিত্তিক সমাধান দেওয়া সম্ভব কি না, সেটি ভাবতে হবে। কৃষকেরা আমাদের প্রশ্ন করেছেন, এত কৃষককে আমরা কীভাবে কল সেন্টার–ভিত্তিক সেবা দেব? এটা আসলেই কি সম্ভব?
এ ক্ষেত্রে কৃষকদের সম্ভাব্য প্রশ্ন ও সমস্যা নিয়ে তথ্যভান্ডার তৈরি হতে পারে। এতে করে তথ্যভান্ডারের ভিত্তিতে  রেকর্ডেড কণ্ঠস্বরনির্ভর মেসেজ তৈরি করা যেতে পারে, যাতে কৃষকের যেকোনো প্রশ্নের উত্তর ​িতনি ফোন করলেই স্বয়ংক্রিয়ভাবে শুনতে পারেন। তখন হয়তো প্রতি মিনিটে দুই টাকা খরচ করে কৃষক মুঠোফোনের মাধ্যমে সমাধান পাবেন। আমরা  হয়তো সময় বা ঋতু–ভিত্তিক ফসলের কথা চিন্তা করে তাঁকে তথ্যসেবা দিই। কৃষক হয়তো মাটির বিষয়ে জানার কথা ভাবছেন। আবার আমরা হয়তো তাঁকে সার-সম্পর্কিত তথ্য দিচ্ছি, যা তঁার ঠিক ওই সময়ে প্রয়োজন নেই। ফলে তথ্য কৃষকের কাজে আসছে না। প্রকৃতপক্ষে এমন একটি সেবা চালু করার কথা ভাবতে হবে, যা কৃষককে সত্যিকার অর্থে উপকৃত করবে।

কাশফিয়া আহমেদ

কাশফিয়া আহমেদ
কাশফিয়া আহমেদ

ক্যাটালিস্ট এ পর্যন্ত ১২ লাখ কৃষককে তথ্য সরবরাহ করেছে। এটি একটি উল্লেখযোগ্য কাজ। তথ্য সরবরাহকারী হিসেবে ক্যাটালিস্টের এ পুরো কাজের সঙ্গে আমরা ছিলাম। গ্রামীণফোনের সিআইসি (কমিউনিটি ইনফরমেশন সেন্টার) নামে একটি  প্রকল্প আছে।
উইন ইনকরপোরেট ২০০৬ সালে প্রথম বাংলায় গ্রামীণফোনের সিআইসি প্রকল্পের জন্য ওয়েবসাইট তৈরি করে। আমরা আশা করেছিলাম, কৃষকেরা এ ওয়েবসাইট থেকে তথ্য নেবেন। কিন্তু কৃষকেরা তথ্য নিতে তেমন আসছেন না। তখন আমরা কৃষকের কাছে গেলাম। দেখা গেল অধিকাংশ কৃষকই খুব একটা পড়তে পারেন না। কম্পিউটার থেকে তথ্য পড়াকে পছন্দ করেন না। তাঁরা সরাসরি কথা বলে তথ্য নিতে চান। তখন আমরা ক্যাটালিস্ট ও বাংলালিংকের সঙ্গে আলোচনা করে ২০০৮ সালে ৭৬৭৬ নম্বরের জিজ্ঞাসার যাত্রা শুরু শুরু করি।
২০১২ সালে আবার গ্রামীণফোনের সঙ্গে ২৭৬৭৬ সেবাটি শুরু করি। প্রতিটি উদ্যোগের মূল লক্ষ৵ কৃষককে সেবা দেওয়া। উইন ইনকরপোটের প্রধান কাজ কৃষকদের জন্য তথ্য তৈরি করা। এসব তথ্য কৃষকেরা যেকোনো আইসিটি চ্যানেলে পাবেন। কৃষকেরা সরকারের তথ্যের ওপর নির্ভর করেন। সরকার আমাদের কৃষিতথ্য দিয়ে সহযোগিতা করে। আমাদের বিশেষজ্ঞরা তথ্যগুলোকে যাচাই-বাছাই করেন। এরপর আমরা তথ্য কৃষকদের সরবরাহ করি।
তারপরও কৃষকেরা নিশ্চিত হতে চান, এসব তথ্য সরকারের কি না। সরকারের কোনো সিল আছে কি না। আমাদের সরবরাহ তথ্যে সরকারের কোনো সিল বা অনুমোদন থাকলে কৃষকেরা নিরাপদে আমাদের তথ্য ব্যবহার করতে পারে। আমাদের সরবরাহকৃত তথ্য যে সরকারের তথ্য, এটা জানতে পারলে কৃষকেরা আরও বেশি তথ্য সংগ্রহ করতেন।​​​​ সরবরাহকৃত কৃষিতথ্যে সরকারের সিল থাকা উচিত​। আমি খুলনার এক চিংড়িচাষিকে তথ্যসেবাকেন্দ্রে ফোন করতে অনুরোধ করলাম। তিনি এক মিনিটের  কিছু বেশি সময় কথা বলে একটি সমস্যার সমাধান জেনে নিলেন। পরে খোঁজ নিয়ে দেখেছি তিনি উপকৃত হয়েছেন। কৃষকদের সচেতন করতে পারলে তাঁরা আরও অনেক বেশি তথ্য ব্যবহার করতেন। 

রেমিজিয়াস রেমি

রেমিজিয়াস রেমি
রেমিজিয়াস রেমি

উইনমিয়াকি কৃষকদের জন্য তথ্য তৈরি, হালনাগাদ ইত্যাদি কাজগুলো করে। সময় ভিত্তিতে অনেক ধাপ অনুসরণ করে আমরা তথ্যকে হালনাগাদ করি। ফসল, লাইভস্টক, পুষ্টি ইত্যাদির জন্য আলাদাভাবে তথ্য হালনাগাদ করি। তিন মাস, ছয় মাস বা এক বছর, অর্থাৎ কত দিন অন্তর তথ্য হালনাগাদ হবে, সেটা আমরা ঠিক করে নিই।
তথ্য হালনাগাদের মধ্যে আছে পোকামাকড়ের ওষুধ ও সারের তথ্য। ফসলের অনেক ওষুধ ও সার সময়ের সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে হালনাগাদ করি। আমরা প্রাথমিক তথ্য ও হালনাগাদ তথ্য পাশাপাশি রাখি। ফলে কোন তথ্য কতটুকু হালনাগাদ করা হয়েছে, সেটা সহজে বুঝতে পারি।
প্রায়ই উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়। এসব সহযোগিতার মেয়াদ সাধারণত এক–দুই বছর হয়। ফলে নতুন কোনো পরিকল্পনা কৃষকদের কাছে আনা সম্ভব হয় না।
একটি প্রকল্পের অধীনে  আমরা কৃষকের ফসলের মাঠ থেকে ক্ষতিগ্রস্ত ফসলের ছবি তুলি। এই ছবির সঙ্গে প্রয়োজনীয় তথ্য ঢাকা অফিসে প​াঠিয়ে দিই। সেখানে  বিশেষজ্ঞরা পরীক্ষা–নিরীক্ষা করে ফোনকলের মাধ্যমে কৃষকদের সমাধান দেন। তাই আমাদের উচিত, যেকোনো সেবার নিরবচ্ছিন্নতা নিশ্চিত করা,  যাতে পরবর্তী সময়ে সেবাটি চলে।   এখন এই প্রকল্পের দ্বিতীয় পর্বের কাজ শুরু করব। দ্বিতীয় পর্বে আমরা এমন একটি সেবা নিয়ে আসছি, যেটা লেখাপড়া না জানা বা খুব অল্প লেখাপড়া জানা কৃষকও ব্যবহার করে উপকৃত হবেন।
সম্প্রতি গ্রামীণ–ই​েন্টল সোশ্যাল বিজনেস লিমিটেডের সঙ্গে যৌথভাবে আমরা কৃষি নামে একটি সেবা চালু করেছি। এ সেব​ার মাধ্যমে কৃষক তাঁর জমি ও ফসলের ধরন বলে দিলে সেই জমির জন্য প্রয়োজনীয় সারের পরিমাণ পাঠানো হবে তিনটি এসএমএসের মাধ্যমে। গ্রামীণফোনের সঙ্গে জিএসএমের একটি প্রকল্পে কাজ করছি। এর মাধ্যমে কৃষকদের শস্যপঞ্জিকা–ভিত্তিক কৃষিতথ্য দিয়ে সাহায্য করা হয়।

নুজহাত জান্নাতুন নাঈম

নুজহাত জান্নাতুন নাঈম
নুজহাত জান্নাতুন নাঈম

কৃষকদের জন্য এ রকম একটা বহুমুখী আলোচনা সাধারণত হয় না। আজকের আলোচনায় টেলিকম, সরকার, ক্যাটালিস্ট, গণমাধ্যম সবই আছে। মানসম্পন্ন তথ্য সরবরাহ করা একটা বড় চ্যালেঞ্জ।
কৃষক যে একবার ফোন দিয়ে আর দিচ্ছেন না, এটির একটি কারণ হতে পারে যাচাই–বাছাই করে মানসম্পন্ন তথ্য তাঁদের দেওয়া হচ্ছে না। ২০০৮ সাল থেকে বাংলালিংক কৃষি জিজ্ঞাসা ৭৬৭৬ কল সেন্টারের মাধ্যমে প্রায় সাত বছর আমরা সেবা দিয়ে আসছি। ৩০০টি কৃষিতথ্যসেবা নিয়ে বাংলালিংক কৃষি জিজ্ঞাসা ৭৬৭৬ কল সেন্টারের সেবা শুরু করেছিলাম। এখন আমাদের ৪০ হাজারেরও বেশি প্রশ্নের উত্তর আছে।
উইন ইনকরপোরেট, ক্যাটালিস্ট ও সরকার—সবার সহযোগিতায় তথ্য হালনাগাদ রাখছি। ২০১৪ সালে তিন মাস যাবৎ​ সব কটি তথ্য যাচাই-বাছাই করেছি। কিন্তু প্রতিবছর যাচাই–বাছাই করলে সময় অনেক কম লাগে। আমরা যদি কৃষিবিশেষজ্ঞের সঙ্গে বসে তথ্যগুলো যাচাই-বাছাই করি, তাহলে আমি নিশ্চিত, কৃষকদের মানসম্পন্ন তথ্য দিতে পারব। খুব আস্থার সঙ্গে কৃষকেরা এসব তথ্য ব্যবহার করতে পারবেন। কৃষকের সঙ্গে যোগাযোগ সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আমরা ব্যানার-ফেস্টুন দিতে পারি, ভয়েস এসএমএস দিতে পারি, পত্রিকায় বিভিন্ন সেবার বিজ্ঞাপন দেওয়া যেতে পারে, আরও অনেকভাবে যোগাযোগের চেষ্টা করা যেতে পারে। কিন্তু এসব কতটুকু কৃষকের জন্য ফলপ্রসূ? সাধারণত কৃষক এসএমএস খুব একটা পড়তে পারেন না। ভয়েস এসএমএস যখন পাঠালাম, তখন তিনি মোবাইলের কাছে নেই। ব্যানার, ফেস্টুন, পত্রিকার বিজ্ঞাপন কতটুকু তাঁরা পড়বেন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আমাদের অভিজ্ঞতা বলে, এসব যোগাযোগ তাঁদের খুব বেশি কাজে আসে না।

কৃষকের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যায়, এ বিষয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। ২০০৯-১৩ সাল পর্যন্ত  আমাদের সেবাগুলো দেয়াললিখনের মাধ্যমে কৃষকদের জানাতে চেষ্টা করেছি।  

মো. জাহাঙ্গীর  আলম

মো. জাহাঙ্গীর  আলম
মো. জাহাঙ্গীর আলম

আমাদের কিছু স্লোগান আছে। যেমন: ‘২০২১ সাল বাংলাদেশ হবে ডিজিটাল’। আবার আমরা বলি, ‘লাঙল হাতে ল্যাপটপ মানিয়েছে বেশ, সবাই মিলে গড়ব মোরা সমৃদ্ধ বাংলাদেশ’। আমার যতটুকু মনে পড়ে, বাংলাদেশের ইতিহাসে প্রথম আলো কৃষককে নিয়ে প্রথম প্রতিবেদন করে। সেই সৌভাগ্যবান কৃষক ছিলেন সিলেটের আলতাফ আলী। তাঁকে নিয়ে প্রথম আলো চার কলাম রঙিন প্রতিবেদন করেছিল।
এর আগে বিটিভি ছাড়া অন্য কোনো গণমাধ্যম কৃষককে নিয়ে কিছু করেনি। এরপর অনেকেই কৃষককে নিয়ে কাজ করেছে। আজকের আলোচনাও যখন প্রথম আলোতে হচ্ছে, সে ক্ষেত্রে আমরা আশা করতে পারি, অন্যরাও এ ব্যাপারে এগিয়ে আসবে।
আইসিটির ভূমিকা নিয়ে এখন আলোচনার কিছু নেই। ভূমিকার সময় অনেক আগেই চলে গেছে। এখন প্রয়োজন কোন প্রযুক্তির পর কোন প্রযুক্তি ব্যবহার করব। আমরা ২০১৩ সাল থেকে কল সেন্টার সেবা শুরু করি। তখন বেশি সংখ্যার একটা নম্বর ছিল। শর্ট কোড ১৬১২৩ পেয়েছি ২০১৪ সালের জুন মাসে। এখন প্রতিদিন আমাদের কাছে ৪০০ কল আসে। এত কলের সেবা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না।
গত বছর আমরা ২৪৫টি কৃষিতথ্য যোগাযোগকেন্দ্র করেছি। কৃষককে সহজ–সরল তথ্য দিতে হবে। সহজ–সরলভাবে যোগাযোগ করতে হবে। ২০-২৫ জন কৃষক প্রতিদিন আমাদের এসব সেন্টারে আসেন। স্থানীয় কৃষকদের আমরা তিন দিনের প্রশিক্ষণ দিয়েছি।
এখনো সরকারি সংস্থার ওপর কৃষকদের শতভাগ আস্থা। উৎপাদন নিয়ে চিন্তার কিছু নেই। এখন চিন্তা  বাজারজাতকরণ, পরিবহন ইত্যাদি। কারণ, কৃষক এত উৎপাদন করেন যে বাজারজাতকরণ ও ন্যায্যমূল্যের অভাবে পণ্য ফেলে দিতে হয়।

ধান গবেষণা প্রতিষ্ঠান এ পর্যন্ত ৭০টির মতো জাত উদ্ভাবন করেছে। একজন কৃষকের ফসল আছে, গরু-ছাগল আছে, মৎস্য আছে। তাঁকে তিন জায়গায় যেতে হয় এই তিন ধরনের সেবা পেতে। এত সময় ও অর্থ কৃষকের নেই। তাঁকে ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে। কৃষককে কৃষকবান্ধব তথ্য দিতে হবে। এ ক্ষেত্রে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

মকবুল হোসেন

মকবুল হোসেন
মকবুল হোসেন

মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান ভূমি ও মৃত্তিকার জাতীয় ডেটাবেইস (তথ্যভান্ডার) তৈরি করে আসছে। আমাদের উদ্ভাবিত তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ভূমির উন্নয়ন ও ভূমি ব্যবহার পরিকল্পনার সেবা দিয়ে থাকি। বর্তমানে উপজেলা পর্যায়ে সেবা দেওয়ার জন্য উপজেলা–ভিত্তিক মৃত্তিকা সম্পদ ব্যবহারের নির্দেশিকা তৈরি করছি।
প্রতিটি উপজেলার মৃত্তিকা-সংক্রান্ত যাবতীয় তথ্য এ নির্দেশিকায় আছে। এতে কোথায় কোন ফসল উৎপাদন করতে হবে, কী সার কতটুকু ব্যবহার করতে হবে ইত্যাদি বিষয়ে তথ্য ও নির্দেশনা দেওয়া আছে। দেখা গেছে, মাটির গুণাগুণ বিচার করে সার প্রয়োগ করলে ৩০ শতাংশ উৎপাদন বাড়ে।
২০০৭ সালে ক্যাটালিস্ট যশোর এলাকায় কাজ করার সময় মাটির ধরন অনুসারে সার প্রয়োগের সেবা দেওয়ার কথা ভাবে এবং এ বিষয়ে কারিগরি সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমাদের মৃত্তিকা তথ্যভান্ডার ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে সারের সুপারিশ দেওয়ার জন্য একটি সফটওয়্যার তৈ​ির করতে ক্যাটালিস্টের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করি।
২০০৯ সালে সফটওয়্যারের কাজ শেষ করে ৩০টি উপজেলার জন্য পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়। এটি একটি অনলাইন–ভিত্তিক সেবা। কৃষকের কাছে ইন্টারনেট নেই, কিন্তু মুঠোফোন আছে। তাই কৃষকের কাছে আমাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলালিংককে যুক্ত করি। ২০১৪ সালে সমগ্র বাংলাদেশের জন্য এ সেবা চালু করি। কৃষিমন্ত্রী এটির উদ্বোধন করেন।
শুধু এই একটি টেকনোলজি দিয়েই ২৫ থেকে ৩০ শতাংশ খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব। কিন্তু যাঁদের জন্য সেবা চালু করা হলো, সেই কৃষকই এ সেবা সম্পর্কে ভালোভাবে জানেন না।

তাই এসআরডিআই ও ক্যাটালিস্ট, কৃষি সম্প্রসারণ ও এআইএসের সহায়তায় উঠান বৈঠক করে কৃষককে বিষয়টি জানানো ও সচেতন করার উদ্যোগ নিই।

শেখ হেমায়েত হোসেন: সরকারি তথ্য, সরকারি বীজ ও সারের ওপর কৃষকেরা বেশি নির্ভর করেন। বেসরকারি লোকজন যখন কৃষকের কাছে যান, তখন তাঁরা আমাদের উপসহকারী কৃষি অফিসারকে সঙ্গে নেন। কারণ তাঁরা জানেন, একজন সরকারি প্রতিনিধি থাকলে কৃষকেরা তাঁদের বিশ্বাস করবেন।

অনেক বেসরকারি প্রতিষ্ঠান বীজ বিক্রি করছে। তারপরও কিন্তু বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের  বীজের ওপর মানুষের বেশি আস্থা। আজ কৃষিক্ষেত্রে কেবল সরকারি না, বেসরকারি অনেক প্রতিষ্ঠান কাজ করছে। সবার মধ্যে সমন্বয় খুব জরুরি। তা না হলে সুফল আমরা পাব না।

তথ্যসেবায় যাওয়ার আগে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তথ্য যাচাই-বাছাই করতে হবে। আমাদের কৃষকের দক্ষতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সরকার, টেলিকম কোম্পানিসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে।

 কৃষক অথবা তাঁদের পরিবারের যেকোনো একজনকে প্রশিক্ষণ দিলে সহজেই মোবাইলের সেবা সম্পর্কে জানতে পারবেন। এটা এমন কোনো কঠিন কাজ নয়। আমাদের পাবনার একজন কৃষিবিদ সব ধরনের ফসলের ছবি, এসব ফসলে কী পোকা লাগে, এসব পোকার কী ওষুধ, কতটুকু প্রয়োজন, কোন ফসলে কী সার কতটুকু দিতে হয় ইত্যাদিসহ একটি সফটওয়্যার তৈরি করেছেন। যেকোনো কৃষক এটা দেখে সবকিছু বুঝতে পারবেন।

একটি বড় কোম্পানির বাজার ব্যবস্থাপক কৃষকদের মধ্যে এটি প্রচারের উদ্যোগ নিয়েছেন। এভাবে আরও অনেকে অনেক কাজ করছে। সবার প্রচেষ্টায় কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার এখন ব্যাপকহারে বাড়ছে।

আব্দুল কাইয়ুম: কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার অনেক বেড়েছে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবার অবদান রয়েছে। কৃষকদের আইসিটি ব্যবহারে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ নিতে হবে।

কৃষক যেন তথ্যের ওপর আস্থা রাখতে পারেন, সে বিষয় সবাইকে লক্ষ রাখতে হবে। কৃষক যাতে কম খরচে সেবা পেতে পারেন, সেটিও গুরুত্বপূর্ণ। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।


আলোচনায় সুপারিশ

* কৃষককে সচেতন করার জন্য সব গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সাবাইকে একসঙ্গে কাজ করতে হবে

* কৃষকের দক্ষতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সরকার, টেলিকম কোম্পানিসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে

* যাচাই–বাছাই করে কৃষককে মানসম্পন্ন তথ্য দিতে হবে

* কৃষককে এমন জায়গা থেকে কৃষিতথ্য দিতে হবে, যার ওপর তিনি আস্থা রাখতে পারেন

* কৃষকের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যায়, এ বিষয়ে সবাইকে গভীরভাবে ভাবতে হবে

* সরবরাহকৃত কৃষিতথ্যে সরকারের সিল থাকা উচিত

যাঁরা অংশ নিলেন

শেখ হেমায়েত হোসেন        :  পরিচালক, ফিল্ড সার্ভিসেস, কৃষি সম্প্রসারণ বিভাগ 

মকবুল হোসেন                  :  প্রকল্প পরিচালক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সয়েল রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট 

মো. জাহাঙ্গীর  আলম          :  উপপরিচালক, গণযোগাযোগ, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস

জালাাল হোসেন               :  হেড অব বিজনেস, স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রজেক্ট, বাংলালিংক

মোহাম্মদ মুনতাসির হোসেন  :  জেনারেল ম্যানেজার, ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস, গ্রামীণফোন

নুজহাত জান্নাতুন নাঈম        :  সিনিয়র এক্সিকিউটিভ, ইনফ্রাস্ট্রাকচার বিজনেস, বাংলালিংক 

কাশফিয়া আহমেদ              : প্রধান নির্বাহী, উইন ইনকরপোরেট

সুমাইয়া সাদিয়া রায়হান      :  লিড স্পেশালিস্ট, ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস, গ্রামীণফোন

রেমিজিয়াস রে​মি               :  হেড অব টেকনিক্যাল, উইন মিয়াকি লি.

নাফিয়া হুসেইন                  :  ম্যানেজার, ক্যাটালিস্ট

মোহাম্মদ সাকিব খালেদ      : বিজনেস কনসালট্যান্ট, ক্যাটালিস্ট

সঞ্চালক

আব্দুল কাইয়ুম                 :  সহযোগী সম্পাদক, প্রথম আলো