বাংলাদেশ কৃষি ব্যাংকের নেত্রকোনার মদন শাখায় কৃষিঋণের অর্থ লুটপাটের ঘটনার বিভাগীয় তদন্ত কমিটির কাজ গত মঙ্গলবার শেষ হয়েছে। সেই সঙ্গে কৃষিঋণের অর্থ লুটপাটসহ দুর্নীতির অভিযোগে গত সোমবার সাময়িক বরখাস্ত হওয়া চারজনকে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে বদলি করা হয়েছে। এ ছাড়া গত বুধবার একই অভিযোগে আরও দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংকের মদন শাখায় ভুয়া কাগজপত্রের মাধ্যমে কৃষিঋণে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গত ২৫ নভেম্বর থেকে কাজ শুরু করে। দুই সপ্তাহ ধরে চলা কমিটির এ কার্যক্রম মঙ্গলবার শেষ হয়। তদন্তে কৃষিঋণে অর্থ লুটপাট ও এ-সংক্রান্ত দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা মিলেছে। এ কমিটি শিগগির তাদের তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।সূত্র আরও জানায়, দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া চারজনকে এবার ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে ঢাকা বিভাগের বাইরে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এর মধ্যে ব্যাংকের সাবেক ব্যবস্থাপক অরুণ কুমার ভট্টাচার্যকে নেত্রকোনার পূর্বধলা শাখা থেকে খুলনা বিভাগীয় কার্যালয়, দ্বিতীয় কর্মকর্তা হাবিবুর রহমান বাঙ্গালীকে জামালপুর মেলান্দহ শাখা থেকে কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়, পরিদর্শক আবুল কাশেমকে জামালপুর মুখ্য আঞ্চলিক কার্যালয় থেকে বরিশাল বিভাগীয় কার্যালয় এবং কোষাধ্যক্ষ এম এ কাদেরকে শেরপুর আঞ্চলিক কার্যালয় থেকে শরীয়তপুর আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া কৃষি ব্যাংকের কেন্দুয়া শাখার মাঠ কর্মকর্তা ইনছান উদ্দিন খান ও পরিদর্শক নূরুল হককে গত বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। কৃষি ব্যাংকের ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক লুৎফর রহমান এ নির্দেশ দেন।এ ব্যাপারে কৃষি ব্যাংকের নেত্রকোনার আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) রবিউল আলম প্রথম আলোকে বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলকব্যবস্থা গ্রহণ করা হবে।