কৃষিঋণের অর্থ লোপাটসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের নেত্রকোনার মদন শাখা থেকে সম্প্রতি অন্যত্র বদলি হওয়া কোষাধ্যক্ষ এ এ কাদেরকে গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই অভিযোগে ওই শাখার ব্যবস্থাপক অরুণ কুমার ভট্টাচার্য, দ্বিতীয় কর্মকর্তা হাবিবুর রহমান বাঙ্গালী ও পরিদর্শক আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়।ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, এ এ কাদেরের বিরুদ্ধে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কৃষিঋণের বিপুল পরিমাণ অর্থ লুটপাট করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ পাওয়ার পর তাঁকে প্রথমে পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার দুয়ুজ শাখায় এবং পরে সেখান থেকে তাঁকে শেরপুর আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়।এদিকে মদন শাখায় কৃষিঋণের অর্থ লোপাটের ঘটনায় গত বুধবার শুরু করা বিভাগীয় তদন্ত কমিটির কার্যক্রম অব্যাহত রয়েছে।কৃষি ব্যাংকের নেত্রকোনার আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) রবিউল আলম প্রথম আলোকে বলেন, ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) লুৎফুর রহমানের নির্দেশে ক্যাশিয়ার এম এ কাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ দুর্নীতিতে অন্য কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।